আসন্ন পবিত্র রমজানকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য স্থিতিশীল ও বাজারে সরবরাহ স্বাভাবিক রাখতে ২৪ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মাগুরা জেলা কার্যালয় ও জেলা প্রশাসন, মাগুরা এর যৌথ উদ্যোগে সদর উপজেলার একতা কাঁচা বাজার ও ভায়না এলাকায় বিশেষ অভিযান পরিচালিত হয়।
বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত পরিচালিত অভিযানে একতা কাঁচা বাজারের বিভিন্ন সবজি আড়ত ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠান তদারকি করা হয়। এ সময় পূর্বে একাধিকবার সতর্ক করার পরও আড়তে মূল্যতালিকা প্রদর্শন না করা, ক্রয়-বিক্রয় ভাউচার সংরক্ষণ না রাখা এবং লাইসেন্স নবায়ন না করার অভিযোগে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।
জেলা প্রশাসনের পক্ষ থেকে কৃষি বিপণন আইন-২০১৮ অনুযায়ী ৩টি প্রতিষ্ঠানকে মোট ১৮,০০০ টাকা এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী আরও ৩টি প্রতিষ্ঠানকে ২০,০০০ টাকা জরিমানা করা হয়। সব মিলিয়ে ৬টি প্রতিষ্ঠানকে বিভিন্ন অপরাধে মোট ৩৮,০০০ টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানে ন্যায্যমূল্যে পণ্য বিক্রয়, বাধ্যতামূলকভাবে মূল্যতালিকা প্রদর্শন, স্বাস্থ্যসম্মতভাবে খাদ্য সংরক্ষণ এবং যথাযথভাবে ক্রয়-বিক্রয় ভাউচার সংরক্ষণের নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি রমজান মাসে কোনো পণ্যের অযৌক্তিক মূল্যবৃদ্ধি না করার ব্যাপারেও ব্যবসায়ীদের সতর্ক করা হয়।
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ এবং জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাফাত আল মেহেদি। সার্বিক সহযোগিতায় ছিলেন জেলা কৃষি বিপণন কর্মকর্তা মো. রবিউল ইসলাম ও মাগুরা জেলা পুলিশের একটি টিম।
সংশ্লিষ্টরা জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।




