খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা পৌরসভা ২নং ওয়ার্ডের নবরায় মহাজন পাড়ায় ‘ওয়াদুদ ভূঁইয়া সমর্থক পরিষদ’-এর উদ্যোগে ধানের শীষের সমর্থনে এক বিশাল উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে বক্তারা পার্বত্য অঞ্চলের উন্নয়নের ধারা ত্বরান্বিত করতে আগামী সংসদ নির্বাচনে ওয়াদুদ ভূঁইয়াকে পুনরায় নির্বাচিত করার অঙ্গীকার ব্যক্ত করেন।
নবরায় মহাজন পাড়ার শান্ত মোহন ত্রিপুরা কারবারির সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি জনাব নাছির আহাম্মেদ চৌধুরী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ওসমান গনি।
বৈঠকে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামসুল হক, পৌর ২নং ওয়ার্ডের সাবেক কমিশনার আবু মিয়া, ওয়াদুদ ভূঁইয়া সমর্থক পরিষদের পৌর সভাপতি দেলোয়ার হোসেন ধন মিয়া, সাধারণ সম্পাদক আবুল হাসেম এবং ২নং ওয়ার্ড বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে নাছির আহাম্মেদ চৌধুরী বলেন, “৫ই আগস্টের আগে ও পরে দেশের মানুষ কী পরিস্থিতির মধ্য দিয়ে গেছে, তা সবার জানা। বর্তমানে দেশের প্রতিটি প্রান্তে সমহারে উন্নয়ন নিশ্চিত করতে ধানের শীষ প্রতীকের জয় অপরিহার্য। আমাদের নিজেদের প্রয়োজনে এবং আগামীর সুন্দর ভবিষ্যৎ গড়তে ওয়াদুদ ভূঁইয়ার মতো অভিজ্ঞ ও দূরদর্শী নেতার কোনো বিকল্প নেই।”
বক্তারা আরও বলেন, দল-মতের ঊর্ধ্বে উঠে পাহাড়ের মানুষের স্বার্থে এবং টেকসই উন্নয়নের লক্ষ্যে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে ওয়াদুদ ভূঁইয়াকে জয়যুক্ত করতে হবে। বৈঠক শেষে নেতৃবৃন্দ স্থানীয় ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ধানের শীষের পক্ষে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন।




