আলোকিত লালমনিরহাট গড়ার লক্ষ্যে মাদকবিরোধী কার্যক্রমে নতুন উদ্যোগ নিয়েছে লালমনিরহাট জেলা আইনজীবী সমিতি। সমিতির পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে, মাদক মামলায় গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের পক্ষে আগামী এক মাস কোনো ধরনের আইনি সহায়তা দেওয়া হবে না।
বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে লালমনিরহাট জেলা আইনজীবী সমিতির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন স্বপন। তিনি বলেন, মাদকসেবীদের সুপথে ফিরে আসতে হবে। এ উদ্দেশ্যে আজ থেকে পরবর্তী এক মাস মাদক মামলায় গ্রেপ্তার ব্যক্তিদের পক্ষে সমিতির সদস্যরা কোনো আইনি সহায়তা প্রদান করবেন না। একই সঙ্গে তিনি সমিতির সব সদস্যকে এ সিদ্ধান্ত অনুসরণের আহ্বান জানান।
তিনি আরও বলেন, রাষ্ট্র ও সমাজের কল্যাণে যেকোনো ইতিবাচক উদ্যোগে জেলা আইনজীবী সমিতি সবসময় পাশে থাকবে এবং প্রশাসনসহ সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয় করে কাজ করবে।
উল্লেখ্য, গত ৪ জুলাই লালমনিরহাট শহরের এমটি হোসেন ইনস্টিটিউট মাঠে সামাজিক অপরাধ দমনে শপথ নেন প্রায় তিন হাজার স্বেচ্ছাসেবী। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবীব দুলু তাদের শপথবাক্য পাঠ করান। এরপর থেকেই জেলায় মাদক, বাল্যবিবাহ, যৌতুকসহ বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে নানা উদ্যোগ নেওয়া হচ্ছে। সেই ধারাবাহিকতায় এবার মাদকবিরোধী কার্যক্রমে সম্পৃক্ত হলো লালমনিরহাট জেলা আইনজীবী সমিতি।




