মামুন হত্যা মামলার আসামিদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে পলাশ থানার সামনে মানববন্ধন-বিক্ষোভ

নরসিংদীর পলাশ উপজেলার ডাংগা ইউনিয়নের গালিমপুর গ্রামের কিশোর মামুন মিয়া হত্যা মামলার আসামিদের দ্রুত গ্রেফতার, দৃষ্টান্তমূলক বিচার এবং সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন এলাকাবাসী।
শনিবার (২৫ জুলাই) দুপুরে পলাশ থানার সামনে এ কর্মসূচির আয়োজন করা হয়। মানববন্ধনে নিহতের স্বজন, স্থানীয় বাসিন্দা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, চাঞ্চল্যকর এ হত্যা মামলার আসামিরা উচ্চ আদালত থেকে জামিনে মুক্ত হয়ে এলাকায় বেপরোয়া আচরণ করছে। তারা মামলার বাদী, নিহতের পরিবার ও সাক্ষীদের বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করছে এবং মামলা তুলে নেওয়ার জন্য হুমকি দিচ্ছে। এতে নিহতের পরিবার ও সাক্ষীদের মধ্যে চরম নিরাপত্তাহীনতা বিরাজ করছে।
মানববন্ধনে বক্তব্য দেন নিহত মামুনের মা সালমা বেগম, এলাকাবাসীর পক্ষে কাইয়ুম মিয়া, ইলিয়াস হোসেন, মোস্তাক মিয়া, মোতালিব হোসেন, শিমলা বেগম এবং নিহতের বোন রত্না আক্তার।
বক্তারা আরও বলেন, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত আসামিরা প্রকাশ্যে চলাফেরা করলেও তাদের পুনরায় গ্রেফতারে কার্যকর উদ্যোগ দেখা যাচ্ছে না। অবিলম্বে আসামিদের গ্রেফতার, হুমকিদাতাদের আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা। অন্যথায় আরও কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন।
এসময় বিক্ষোভকারীরা বিভিন্ন ফেস্টুন, প্ল্যাকার্ড ও পোস্টার হাতে নিয়ে পলাশ থানার সামনে অবস্থান নেন। তারা মামুন হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল থানার সামনের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
উল্লেখ্য, গত ৩ এপ্রিল ডাব পাড়াকে কেন্দ্র করে পলাশ উপজেলার ডাংগা ইউনিয়নের গালিমপুর গ্রামে নিজ বাড়ির পাশে কুপিয়ে হত্যা করা হয় কিশোর মামুন মিয়াকে। এ ঘটনায় নিহতের পরিবার একই এলাকার আজিজুল, ইসমাইল ও হজরত আলীকে আসামি করে পলাশ থানায় একটি হত্যা মামলা দায়ের করে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল ও সদর থানা পুলিশের অভিযানে দস্যুতা চক্রের ১০ সদস্য আটক লুণ্ঠিত ইজিবাইক, মোবাইল ফোন ও নগদ টাকা উদ্ধার

ঝিনাইদহে ইজিবাইক চালককে অপহরণ করে হাত-পা ও মুখ বেঁধে ইজিবাইক

‎ব্রাহ্মণপাড়ায় জামায়াতে ইসলামীর দিনব্যাপী লিডারশীপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত

‎কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর দিনব্যাপী লিডারশীপ ট্রেনিং