“উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জের মুকসুদপুরে যথাযোগ্য মর্যাদায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে।
সোমবার (৬ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন ও উপজেলা বিআরডিবি কার্যালয়ের যৌথ উদ্যোগে দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক এবং গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. সেলিমুজ্জামান মোল্লা সেলিম।
মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদ আশিক কবির-এর সভাপতিত্বে এবং উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা এস. এম. মাহাতাব উদ্দিন-এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আবিরুল ইসলাম, মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল্লাহ আল-মামুন, উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম খান এবং সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম রাজু।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মিয়া আরিফুল আজম।
আলোচনা সভায় বক্তারা দেশের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে পল্লী উন্নয়নের গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করতে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়নের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি এবং জনগণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা প্রয়োজন।
এ সময় আরও উপস্থিত ছিলেন মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি ছিরু মিয়া, সাধারণ সম্পাদক কাজী মো. ওহিদুল ইসলাম, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক এবং সুধীজন।
শেষে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানিয়ে আলোচনা সভার সমাপ্তি ঘোষণা করা হয়।




