মুকসুদপুরে জাতীয় ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত

“করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করবো বারোমাস”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় জাতীয় ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৫ জুন) সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ ফল মেলার উদ্বোধন করা হয়। মেলায় উপজেলার বিভিন্ন এলাকার কৃষক, ফলচাষি ও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আবিরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জাহাঙ্গীর আলম, মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আজিজুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম খান, পৌর বিএনপির সভাপতি আবুল বাশার টুলটু বিশ্বাস, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. মসিউর রহমান মিন্টু এবং উপজেলা বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক মো. বাচ্চু শেখ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. মিজানুর রহমান এবং সঞ্চালনা করেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আয়শা সিদ্দিকী।

বক্তারা বলেন, দেশের পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে এবং সুস্থ জীবনযাপন বজায় রাখতে নিয়মিত ফল খাওয়ার বিকল্প নেই। দেশীয় ফলের উৎপাদন বৃদ্ধি, সংরক্ষণ ও বাজারজাতকরণের মাধ্যমে কৃষকদের অর্থনৈতিক উন্নয়ন সম্ভব। তারা সকলকে বেশি বেশি ফল চাষ ও ফল খাওয়ার আহ্বান জানান।

মেলায় বিভিন্ন প্রজাতির দেশীয় ও বিদেশি ফলের প্রদর্শনী অনুষ্ঠিত হয়। দর্শনার্থীরা ফলের বিভিন্ন জাত, চাষাবাদ পদ্ধতি এবং পুষ্টিগুণ সম্পর্কে জানতে পারেন। এতে কৃষক ও ফলচাষিদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন