রাঙামাটিতে তীব্র জ্বালানি সংকটের কারণে যাত্রীবাহী স্পিডবোট চলাচল বন্ধ হয়ে গেছে। একই সঙ্গে কাপ্তাই হ্রদে লঞ্চ চলাচলও হুমকির মুখে পড়েছে, ফলে জেলার বিভিন্ন উপজেলার সঙ্গে যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।
মঙ্গলবার (৩১ মার্চ) দুপুর থেকে জ্বালানি তেলের অভাবে রাঙামাটি-লংগদু ও রাঙামাটি-বাঘাইছড়ি নৌপথে চলাচলকারী সব যাত্রীবাহী স্পিডবোট বন্ধ হয়ে যায়। সংশ্লিষ্ট চালকরা জানান, অকটেন না পাওয়ায় তারা বাধ্য হয়ে নৌযান চলাচল বন্ধ রেখেছেন।
অন্যদিকে, ডিজেল সংকটের কারণে কাপ্তাই হ্রদে চলাচলকারী লঞ্চ সার্ভিস নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা। বর্তমানে জেলায় প্রায় ১০টি রুটে ৩০টির মতো লঞ্চ চলাচল করে, যেগুলোর জন্য প্রতিদিন প্রায় ১,২০০ থেকে ১,৫০০ লিটার ডিজেল প্রয়োজন হয়।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-চলাচল যাত্রী পরিবহন সংস্থা, রাঙামাটি জোনের চেয়ারম্যান মঈনুদ্দীন সেলিম জানান, মজুত থাকা সীমিত ডিজেল দিয়ে মঙ্গলবার কয়েকটি রুটে লঞ্চ চালু রাখা সম্ভব হলেও নতুন করে জ্বালানি সরবরাহ না হলে বুধবার থেকে লঞ্চ চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যেতে পারে।
তিনি আরও বলেন, “বিভিন্নভাবে চেষ্টা করেও কোথাও থেকে ডিজেল সংগ্রহ করা যাচ্ছে না। বিষয়টি জেলা প্রশাসনকে জানানো হয়েছে, তবে এখনো কার্যকর কোনো সমাধান পাওয়া যায়নি।
এদিকে, জেলা প্রশাসক নাজমা আশরাফী জানিয়েছেন, স্পিডবোটের জন্য জ্বালানি সরবরাহ সম্ভব না হলেও লঞ্চ চলাচল স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
জ্বালানি সংকট দ্রুত নিরসন না হলে রাঙামাটির দুর্গম উপজেলা লংগদু, বাঘাইছড়ি, বরকল ও জুরাছড়ির সঙ্গে নৌ-যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়ার আশঙ্কা করছেন স্থানীয়রা।




