র‍্যাব-১৩ এর পৃথক অভিযানে বিপুল মাদকসহ ৫ জন গ্রেফতার

‘বাংলাদেশ আমার অহংকার’ এই মূলমন্ত্রকে ধারণ করে এলিট ফোর্স র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) সর্বগ্রাসী মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে র‍্যাবের সদস্যরা সর্বোচ্চ আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে।
এরই ধারাবাহিকতায় র‍্যাব-১৩ পৃথক তিনটি অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ এবং মোট ৫ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
২৪ ফেব্রুয়ারি ২০২৬ রাত ১টার দিকে র‍্যাব-১৩, সদর কোম্পানি, রংপুরের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে লালমনিরহাটে কালীগঞ্জ থানা এলাকার কাকিনা ইউনিয়নের রুদ্রেশ্বর গ্রামে অভিযান চালায়।
এ সময় কাকিনা-মহিপুরগামী পাকা সড়কে একটি প্রাইভেটকার তল্লাশি করে ৩৪১ বোতল এস্কাফ (ESKuf), ৯৯ বোতল ফেয়ারডিল (Fairdyl) এবং ২ বোতল এস্কাফ ডিএক্স (ESKuf DX) উদ্ধার করা হয়।
এ ঘটনায় প্রাইভেটকারসহ জাহেনুর ইসলাম জীবন (২৪) ও মোঃ রাজু (৪০) নামের দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
এর আগে ২৩ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১১টা ৪০ মিনিটে র‍্যাব-১৩, সিপিসি-৩, গাইবান্ধা ক্যাম্পের একটি দল দিনাজপুরের ঘোড়াঘাট থানা এলাকার সিংড়া ইউনিয়নের মগলিশপুর গ্রামে চেকপোস্ট পরিচালনা করে।
এ সময় একটি মোটরসাইকেলে ঝোলানো ব্যাগ থেকে ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে মোঃ সুজন ইসলাম (২৭) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয় এবং মোটরসাইকেল জব্দ করা হয়।
একই দিনে বিকাল ৪টা ২০ মিনিটে র‍্যাব-১৩, সদর কোম্পানি, রংপুর সৈয়দপুর থানা এলাকার কয়াগোলাহাট পশ্চিমপাড়া গ্রামে একটি বসতবাড়িতে অভিযান চালায়।
সেখানে ১৫.৭ কেজি গাঁজা জব্দ করা হয়। এ ঘটনায় সুজন ইসলাম (২২) ও ছবিনুর বেগম (৪৮) নামের দুইজনকে গ্রেফতার করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে যা জানা গেছে
র‍্যাব জানায়, গ্রেফতারকৃতরা রংপুর বিভাগের লালমনিরহাট, রংপুর, দিনাজপুর, গাইবান্ধা ও নীলফামারী জেলার বিভিন্ন স্থান থেকে অবৈধ মাদক সংগ্রহ করে কৌশলে দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করত। তারা অভিনব পদ্ধতিতে মাদক পরিবহন ও ব্যবসা পরিচালনা করে আসছিল।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করে জব্দকৃত আলামতসহ হস্তান্তর করা হয়েছে।
মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‍্যাব-১৩ এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন