সুনামগঞ্জের তাহিরপুরে রাস্তা পারাপারের সময়, বেপরোয়া গতির অটোরিকশার চাপায় শাহী আলম নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত শাহী আলম উপজেলার উজান তাহিরপুর গ্রামের মোহাম্মদ বাচ্ছু মিয়ার ছেলে। এবং স্থানীয় রওজাতুল উলুম মাদরাসা ও এতিমখানার প্রথম শ্রেণির ছাত্র।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী একটি অটোরিকশা শিশুটিকে চাপা দিলে, সে ছিটকে পড়ে চাকার নিচে পিষ্ট হয়। এতে শিশুটির মাথায় গুরুতর জখম হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত, তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
এদিকে দুর্ঘটনার পর অভিযুক্ত চালক শিশুটিকে হাসপাতালে রেখে কৌশলে পালিয়ে যায়। এ ঘটনায় নিহতের পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বিক্ষুব্ধ এলাকাবাসী ঘাতক চালককে দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।




