গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানী বলেছেন, সংগঠনের যেখানে যেখানে দুর্বলতা রয়েছে সেগুলো চিহ্নিত করে বিএনপিকে আরও শক্তিশালী ও গতিশীল করতে হবে। তৃণমূল নেতাকর্মীদের মতামতের ভিত্তিতে দলকে সুসংগঠিত করে আগামী দিনের রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়ন করতে হবে।
রবিবার (২৬ জুলাই) দুপুরে কোটালীপাড়া উপজেলার পল্লী উন্নয়ন একাডেমি অডিটোরিয়ামে কোটালীপাড়া উপজেলা বিএনপির অবস্থানকে আরও শক্তিশালী করার লক্ষ্যে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এস এম জিলানী বলেন, “আমাদের আজকের মতবিনিময় সভার উদ্দেশ্য হচ্ছে সংগঠনকে ঢেলে সাজানো। যেখানে যেখানে দুর্বলতা রয়েছে, সেগুলো চিহ্নিত করে সংগঠনকে আরও বেশি শক্তিশালী করতে হবে। ইউনিয়ন ও পৌরসভা থেকে আগত নেতারা তাদের মতামত দেবেন। আমরা ধৈর্য সহকারে সেই মতামত শুনবো এবং পর্যালোচনা করে কোটালীপাড়ায় জাতীয়তাবাদী দলের কার্যক্রম পরিচালনা করবো।”
তিনি বলেন, “অতীতের ১৭ বছরে এ অঞ্চলের মানুষ তাদের ভোটাধিকার সঠিকভাবে প্রয়োগ করতে পারেনি। জাতীয় নির্বাচনের দিন সকাল ১১টার পর ভোটকেন্দ্রে যাওয়ার প্রয়োজন হতো না। ভোটের নামে এখানে গণতন্ত্রকে কলুষিত করা হয়েছে। কিন্তু সর্বশেষ নির্বাচনে মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোটকেন্দ্রে এসে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছে।”
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, “আমি বিএনপির কোনো নেতাকর্মীকে বলিনি যে তারা জাল ভোট দিয়ে আমাকে এমপি বানাবে। আমি শুধু বলেছিলাম মানুষকে ভোটকেন্দ্রে আনার জন্য কাজ করতে। মানুষ ভোটকেন্দ্রে এসেছে এবং তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছে। আমি ৬১ হাজার ভোট পেয়েছি, একজন প্রতিদ্বন্দ্বী প্রার্থী ৩৪ হাজার এবং আরেকজন প্রায় ২৫ হাজার ভোট পেয়েছেন। এটিই প্রমাণ করে মানুষ স্বাধীনভাবে ভোট দিয়েছে।”
নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের বিষয়ে এমপি জিলানী বলেন, “বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনের আগে জাতির কাছে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, ভোটের পরপরই তা বাস্তবায়নের উদ্যোগ নিয়েছেন। কৃষকদের সুদসহ ১০ হাজার টাকার কৃষিঋণ মওকুফ, ফ্যামিলি কার্ড প্রদান এবং কৃষক কার্ড বিতরণ তারই অংশ। বিএনপি মানুষের কাছে যে কমিটমেন্ট করে, তা বাস্তবায়নে বিশ্বাস করে।”
তিনি আরও বলেন, “এই এলাকার মানুষের কাছে আমরা যে প্রতিশ্রুতি দিয়েছিলাম, তা বাস্তবায়নের কাজ চলমান রয়েছে। যতদিন দায়িত্বে থাকবো, ততদিন মানুষের কল্যাণে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করে যাবো।”
কোটালীপাড়া উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
সভায় সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, তৃণমূল পর্যায়ে দলীয় কর্মকাণ্ড সম্প্রসারণ এবং আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।




