সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার হুরাসাগর নদীতে অবৈধভাবে প্রতিবন্ধকতা তৈরি করে পানিপ্রবাহে বিঘ্ন ঘটানোর দায়ে মো. শামছুল সরকার (৬৫) নামে এক ব্যক্তিকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (৪ জুন) সকালে কামারখন্দ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত মৎস্য আইনে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, উপজেলার কাজিপুরা গ্রামের বাসিন্দা শামছুল সরকার নদীর এক তীর থেকে অপর তীর পর্যন্ত বাঁধসদৃশ কাঠামো নির্মাণ করেন। এর ফলে নদীর স্বাভাবিক স্রোত ব্যাহত হয় এবং কচুরিপানাসহ বিভিন্ন ভাসমান বস্তু সেখানে জমতে শুরু করে। মাছ ধরার সুবিধার জন্যই তিনি এ ব্যবস্থা করেছিলেন বলে অভিযোগ রয়েছে।

এবিষয়ে কামারখন্দের সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লা আল মামুন বলেন, এর আগেও ওই ব্যক্তিকে মৎস অধিদপ্তর সতর্ক করেছিলেন। তবুও তিনি শোনেননি। তাই তাকে আজ কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি নদীর স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত যেনো না হয়, সেই ব্যবস্থা নেওয়া হয়েছে।