দীর্ঘ ১৮ মাস পরিত্যক্ত থাকার পর জামালপুরের বকশীগঞ্জ উপজেলার বগারচর ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়েছে। মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আজ শনিবার সকালে এই কর্মসূচি পালন করেন স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট সরকার পতনের পর বিক্ষুব্ধ জনতা বগারচর ইউনিয়ন আওয়ামী লীগের এই কার্যালয়ে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করে। তারপর থেকে কার্যালয়টি পরিত্যক্ত অবস্থায় ছিল। আজ সকালে নেতাকর্মীদের উপস্থিতিতে সেখানে জয় বাংলা স্লোগান দেওয়া হয় এবং ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
উক্ত আয়োজনে উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ সাজ্জাদ কাদির সাজু, সদস্য রেজাউল করিম, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ আইয়ুব আলী, তাঁতী লীগের যুগ্ম সম্পাদক রেজাউল এবং ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নিয়ামত উল্লাহ নিয়াতসহ স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও এলাকাবাসী।
এই বিষয়ে বগারচর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সোহেল রানা পলাশ জানান, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আওয়ামী লীগের নেতাকর্মীরা জাতীয় পতাকা উত্তোলন করেছেন। এখানে আমাদের বিরূপ কোনো প্রতিক্রিয়া নেই। কারণ, যেহেতু এটি জাতীয় পতাকা উত্তোলনের বিষয়, তাই সেখানে কোনো কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা মানেই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং জাতীয় পতাকাকে অবমাননা করা।
দীর্ঘ সময় পর আওয়ামী লীগ কার্যালয়ে রাজনৈতিক কর্মকাণ্ডের এই প্রত্যাবর্তনে স্থানীয় রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য ও আলোচনার সৃষ্টি হয়েছে।




