মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাজশাহীতে যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচির মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
একুশের প্রথম প্রহরে রাজশাহী সোনাদিঘির পাড়ে এক একর জমির ওপর নির্মিত নতুন শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে এর উদ্বোধন করেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। এ সময় তিনি শহীদ মিনার চত্বরে একটি নিমগাছের চারা রোপণ করেন। অনুষ্ঠানে জেলা প্রশাসক, রাজশাহী বিভাগীয় কমিশনারসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এদিকে, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’ রাজশাহী কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানায়। এ সময় সংগঠনের রাজশাহী শাখার আহ্বায়ক নাহিদুল ইসলাম সাজু, সদস্য সচিব আঞ্জুমান আরা হক আরশি এবং মুখপাত্র আশরাফুল হক আযিমসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পুষ্পস্তবক অর্পণ শেষে নেতৃবৃন্দ বলেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলন ছিল বাঙালির আত্মমর্যাদা ও অধিকার আদায়ের সংগ্রামের প্রথম সোপান। ভাষা শহীদদের আত্মত্যাগ কেবল মাতৃভাষার মর্যাদা রক্ষার জন্যই নয়, বরং ন্যায়বিচার ও সাম্যের ভিত্তিতে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার আজীবন প্রেরণা। তারা আরও বলেন, বর্তমান সময়ে সমাজে বৈষম্য যখন মাথাচাড়া দিয়ে উঠছে, তখন একুশের চেতনায় উদ্বুদ্ধ হয়ে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকা প্রতিটি নাগরিকের নৈতিক দায়িত্ব।
কর্মসূচির শেষ পর্যায়ে ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে সংক্ষিপ্ত দোয়া ও এক মিনিট নীরবতা পালন করা হয়।
শহিদ দিবস উপলক্ষে শনিবার সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা অর্ধনমিতভাবে উত্তোলন করা হয়।
বেলা ১১টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ‘একুশ: জাতীয় জাগরণের প্রেরণা’ শীর্ষক আলোচনা সভা ও পুরস্কার বিতরণীর আয়োজন করা হয়েছে। বাদ যোহর ভাষা শহীদদের আত্মার শান্তি কামনায় সকল মসজিদে বিশেষ মোনাজাত এবং সুবিধামতো সময়ে মন্দিরসহ অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনার কর্মসূচি পালিত হবে।
এছাড়া রাজশাহী মহানগরীর সড়কদ্বীপ ও গুরুত্বপূর্ণ স্থানসমূহ বাংলা বর্ণমালা সম্বলিত ফেস্টুন দিয়ে সজ্জিত করা হয়।
বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ সর্বস্তরের মানুষ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।




