পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও মঠবাড়িয়া পৌরসভার সাবেক প্রশাসক মোঃ রাইসুল ইসলামকে বিদায় সংবর্ধনা দিয়েছে মঠবাড়িয়া পৌরসভা কর্তৃপক্ষ। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পৌরসভার হলরুমে এ বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়।
বিদায় অনুষ্ঠানে মঠবাড়িয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও মঠবাড়িয়া পৌরসভার প্রশাসক আকলিমা আক্তারের সভাপতিত্বে পৌরসভার সকল কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন। এ সময় এসিল্যান্ড রাইসুল ইসলাম পৌরসভার বিভিন্ন বিষয় নিয়ে স্মৃতিচারণ করেন এবং পৌরসভায় কর্মরত কর্মকর্তা – কর্মচারীদের সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করার পরামর্শ দেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পৌর নির্বাহী কর্মকর্তা অমল কৃষ্ণ, উপজেলা সমাজসেবা অফিসার শফিকুল আলম, সমাজ উন্নয়ন কর্মকর্তা বলরাম ঘোষ,কর আদায়কারী মোঃ মনিরুজ্জামান, উচ্চমান সহকারী কামরুন্নাহার প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন পৌরসভায় কর্মরত মৌলভী ইয়াকুব খান এবং গীতা পাঠ করেন স্যানেটারি ইন্সপেক্টর রাম কৃষ্ণ সাহা।
বক্তারা বিদায়ী এসিল্যান্ড রাইসুল ইসলামের কর্মদক্ষতা এবং ভূমি সংক্রান্ত সেবায় সততা ও স্বচ্ছতার প্রশংসা করেন।এ সময় পৌরসভার পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
সবশেষে উপজেলা নির্বাহী অফিসার আকলিমা আক্তার বিদায়ী এসিল্যান্ডের সাফল্য ও মঙ্গল কামনা করেন। এছাড়া প্রশাসনিক দক্ষতা ও ভূমি সেবায় তার কৃতিত্বপূর্ণ কর্মযজ্ঞেরও প্রশংসা করেন তিনি।




