শেরপুরে ভাঙারি দোকান থেকে বিপুল পরিমাণ সরকারি বই জব্দ, দোকান সিলগালা

শেরপুরে একটি ভাঙারির দোকান থেকে মাদ্রাসার বিপুল পরিমাণ সরকারি পাঠ্যবই জব্দ করেছে প্রশাসন। ১ মার্চ রবিবার সন্ধ্যায় গোয়েন্দা সংস্থা এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে শহরের নওহাটা এলাকায় মেসার্স রোকেয়া আয়রন স্টোর থেকে মাদ্রাসার বিভিন্ন শ্রেণির প্রায় ৮ হাজার সরকারি বই জব্দ করা হয়। খবর পেয়ে  সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবা হক ও আইন-শৃঙ্খলা রক্ষাবাহিনীর সদস্যরা গিয়ে ভাঙারি দোকানটি সিলগালা করেন।

এলাকাবাসীর অভিযোগ, শহরের নওহাটা এলাকায় আব্দুর রহিম অপুর মালিকানাধীন রোকেয়া আয়রন স্টোরে দীর্ঘদিন থেকে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের নতুন বই অবৈধভাবে কেনাবেচা হতো।   দোকানের গোডাউনের ভেতর আরও বইয়ের সন্ধান পাওয়া যায়। এদিকে পরিস্থিতি টের পেয়ে সটকে পড়েন ভাঙারি দোকানের মালিক ও কর্মচারিরা।

এ বিষয়ে সদর থানার এসআই সুশান্ত বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ভ্যানগাড়িসহ নতুন বইগুলো জব্দ করে থানায় নেওয়া হয়েছে।

এ ব্যাপারে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবা হক জানান, খবর পেয়ে ভ্যানগাড়ির বইগুলো জব্দ করে থানায় নেওয়া হয়েছে। বইগুলো সদর উপজেলার কোনো মাদ্রাসার হতে পারে। এ ঘটনাটি তদন্তে জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে বলা হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন