কুমিল্লার হোমনা পৌর এলাকার দীর্ঘদিনের একটি গুরুত্বপূর্ণ চলাচলের রাস্তা বন্ধ করে অবৈধভাবে ভবন নির্মাণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় পৌর প্রকৌশলী মো. জহির উদ্দিনের বিরুদ্ধে দায়িত্বে অবহেলা ও অনিয়মের অভিযোগ এনে অপসারণের দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী কয়েকটি পরিবার।
শনিবার সকালে হোমনা পৌর মার্কেটের সামনে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে ভুক্তভোগী পরিবারগুলোর সদস্যরা বলেন, দীর্ঘদিন ধরে এলাকাবাসী যে রাস্তা ব্যবহার করে আসছিলেন, সেটি হঠাৎ করে বন্ধ করে ভবন নির্মাণ করা হচ্ছে। এতে সাধারণ মানুষের চলাচলে চরম ভোগান্তি সৃষ্টি হয়েছে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, এ বিষয়ে এর আগেও হোমনা পৌর প্রশাসকের কাছে লিখিতভাবে আবেদন করা হলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ করেন তারা।
এ প্রসঙ্গে হোমনা পৌর প্রশাসক আহম্মেদ মোফাচ্ছের বলেন, বিল্ডিং কোড ও পৌরসভা আইন অমান্য করে এবং অনুমোদন ছাড়া নির্মিত ভবনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, অনুমোদনবিহীন ভবনে অবিলম্বে অপসারণের নোটিশ দেওয়া হবে। সেটব্যাক রুল অনুসরণ না করা হলে বিধি অনুযায়ী বর্ধিত অংশ ভেঙে ফেলার ব্যবস্থা নেওয়া হবে।
পৌর প্রশাসক জানান, শিগগিরই ভবন নির্মাণ অনুমোদন পর্যালোচনা কমিটির সভা আহ্বান করে এ বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে। নোটিশ প্রদানের পরও যদি অবৈধ নির্মাণ অপসারণ না করা হয়, তবে পৌরসভার পক্ষ থেকে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে।
এছাড়া সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ মন্ত্রণালয়ে জানানো হবে বলেও তিনি আশ্বস্ত করেন। রাস্তা সংক্রান্ত বিষয়টি বর্তমানে বিবেচনাধীন রয়েছে এবং আগামী মাসিক সভায় এ বিষয়ে বিস্তারিত আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি।
ভুক্তভোগীরা দ্রুত রাস্তা পুনরুদ্ধার ও দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।




