জয়পুরহাট ক্ষেতলালে “গরিবের ডাক্তার” হিসেবে খ্যাত মোফাজ্জল আর নেই

জয়পুরহাট ক্ষেতলালে “গরিবের ডাক্তার”  হিসেবে খ্যাত মোফাজ্জল আর নেই
জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার কাঁচাকুল গ্রামের এক নীরব আলোকবর্তিকা ছিলেন পল্লী চিকিৎসক ডা. মোফাজ্জল হোসেন। মানুষের সেবার মাধ্যমে তিনি জায়গা করে নিয়েছিলেন অগণিত মানুষের হৃদয়ে। প্রচারবিমুখ এই মানুষটি দীর্ঘ প্রায় ৬০ বছর ধরে গ্রামের অসহায়, দরিদ্র ও মেহনতি মানুষের পাশে দাঁড়িয়ে চিকিৎসাসেবা দিয়ে গেছেন। তার কোনো ব্যক্তিগত চেম্বার ছিল না। মানুষের বাড়িতে গিয়ে সামান্য কিছু টাকার বিনিময়ে তিনি ওষুধ দিতেন। আবার অনেক সময় যাদের কাছে টাকা থাকত না, তাদের কাছ থেকে তিনি কিছুই নিতেন না। কেউ কেউ কৃতজ্ঞতার নিদর্শন হিসেবে হাঁস-মুরগির ডিম দিয়ে তার চিকিৎসার মূল্য পরিশোধ করতেন—সেই আন্তরিকতাই ছিল তার আসল পারিশ্রমিক। বয়সের কারণে অনেকটা অবসর নেওয়ার পরও মানুষ তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যেত। আশ্চর্যের বিষয়, তার কাছে যোগাযোগের জন্য কোনো মোবাইল ফোনও ছিল না। তবুও মানুষের ভালোবাসা ও আস্থাই তাকে বারবার মানুষের দোরগোড়ায় নিয়ে গেছে।
বয়সের ভার তাকে কখনো থামাতে পারেনি। প্রতিদিন নিয়ম করে সাইকেল চালিয়ে রোগীদের বাড়ি বাড়ি গিয়ে চিকিৎসা দেওয়া ছিল তার জীবনের নিত্যদিনের কাজ। জয়পুরহাট সদর উপজেলার কিছু গ্রামসহ কালাই, ক্ষেতলাল ও পাঁচবিবি উপজেলার প্রত্যন্ত অঞ্চলের মানুষ তার সেবার ওপরই নির্ভর করতেন। এই মহান মানুষটি আজ রাত ১১টায় ইন্তেকাল করেছেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মানুষের সেবায় নিবেদিত এই নিরহংকার চিকিৎসকের অবদান দীর্ঘদিন ধরে মানুষের স্মৃতিতে বেঁচে থাকবে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন