পর্যটন নগরী কক্সবাজারের উচ্চ শিক্ষার আতুঁড়ঘর খ্যাত কক্সবাজার সরকারি কলেজের ইংরেজি বিভাগের সাবেক বিভাগীয় প্রধান ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ এবং মানিকগঞ্জ সরকারি মহিলা কলেজ ঢাকার সাবেক অধ্যক্ষ সদ্য প্রয়াত একেএম নুরুল হক চৌধুরীর স্মরণে উখিয়া উপজেলার রত্নাপালংস্থ ব্যারিস্টার রফিক একাডেমির হলরুমে এক স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৫ এপ্রিল) সকাল ১০টায় ব্যারিস্টার রফিক একাডেমির সম্মানিত শিক্ষা উপদেষ্টা কক্সবাজারের বরেণ্য শিক্ষাবিদ প্রয়াত প্রফেসর একেএম নুরুল হক চৌধুরীর স্মরণ সভায় সভাপতিত্ব করেন ডাঃ রফিক জাহান মাহমুদ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক প্রফেসর (অবঃ) শিরীন নুর চৌধুরী। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্মৃতিচারণ করেন জনাব আহসান উদ্দিন প্রকল্প পরিচালক, রফিক ফাউণ্ডেশন অব এডুকেশন এণ্ড হেলথ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মরহুমের পরিবারের সদস্যবৃন্দ। এছাড়া সম্মানিত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক জনাব নুরুল আলম।
উক্ত সভায় স্যারের কর্ম ও জীবন নিয়ে স্মৃতিচারণ করেন স্যারের সাবেক ছাত্র ব্যারিস্টার জি আর মাহমুদ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল ইসলাম, সহকারী শিক্ষক লাকী প্রভা বড়ুয়া, সহকারী শিক্ষক অপি বড়ুয়া, পালং আর্দশ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ শাহজাহান, জনাব রনি মাহমুদ, রফিক একাডেমির সাবেক শিক্ষক আবদুল্লাহ আল মামুন ও সানা উল্লাহ প্রমুখ।
ডাঃ রফিক জাহান মাহমুদ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ আজিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত স্মরণ সভায় স্যারের কর্ম ও জীবন নিয়ে দীর্ঘ আলোচনায় বক্তারা বলেন, বহুমুখী প্রতিভার অধিকারী এক প্রখ্যাত শিক্ষাবিদকে আমরা হারিয়েছি। কর্ম জীবনে তিনি দেশের বিভিন্ন সরকারি কলেজে নান্দনিক শিক্ষকতার পাশাপাশি দক্ষ প্রশাসক হিসাবে সুনামের সহিত প্রশংসা কুড়িয়েছেন। শিক্ষা চিন্তক হিসেবে নানা জায়গায় শিক্ষা বিস্তারে অতুলনীয় ভুমিকা রেখেছে যা স্যার আমৃত্যু স্মরণীয় করে রাখবে। যার উজ্জ্বল দৃষ্টান্ত ঢাকা মাইলস্টোন কলেজ ও উখিয়া রত্নাপালংয়ের রফিক একাডেমি। তিনি সমাজের ও দেশের সকল পেশাজীবি মানুষদের সাথে সহজে মিশে যেতে পারতেন এবং আলাপ আলোচনায় তাদের মানসিক ও মানবিক পরিবর্তনে ভুমিকা রাখতেন।আপাদমস্তক একজন শিক্ষাগুরু হিসাবে তিনি শিক্ষার মান ও পাঠ পদ্ধতি উন্নয়নে ব্যাপক ভুমিকা রেখেছেন। তাঁর জীবন ও কর্ম আমাদের মাঝে বেঁচে থাকবে অনন্তকাল। ব্যারিস্টার রফিক একাডেমি বহুগুণে গুণান্বিত স্যারকে স্মরণে রাখবে চিরকাল। উক্ত সভায় রফিক একাডেমির সকল শিক্ষক শিক্ষিকা, ছাত্র ছাত্রী, অভিভাবক ও স্থানীয় সচেতন ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
স্মরণ সভা শেষে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
উল্লেখ্য, প্রখ্যাত শিক্ষাবিদ মরহুম প্রফেসর(অবঃ) একেএম নুরুল হক চৌধুরী গত ২এপ্রিল ‘২৬ ইংরেজি বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় কক্সবাজার সদর হাসপাতালে ইন্তেকাল করেন। কক্সবাজার সরকারি কলেজের সাবেক মেধাবী ছাত্র ডাঃ রফিক জাহান মাহমুদ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আজিজুর রহমান বলেন,নুরুল হক স্যার ছিলেন সকল শিক্ষার্থীদের কাছে সমান জনপ্রিয়। তিনি ইংরেজি সাহিত্যের পন্ডিত হিসেবে অনেক কঠিন পাঠকে শিক্ষার্থীদের কাছে সহজে তুলে ধরতেন। স্যারের মত গুণী শিক্ষকের ছাত্র হিসেবে শিক্ষা গ্রহন করতে পেরে তিনি নিজেকে ধন্য মনে করেন।




