আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান বলেছেন, বাংলাদেশের বিচার বিভাগ বর্তমানে অত্যন্ত স্বাধীনভাবে কাজ করছে এবং বিশ্বের অনেক দেশের তুলনায় এ স্বাধীনতা বেশি উপভোগ করছে।
মঙ্গলবার সকালে ঝিনাইদহের শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
মন্ত্রী বলেন, দেশের বিচার বিভাগ যদি স্বাধীন না হতো, তাহলে বিভিন্ন মামলায় রাষ্ট্রপক্ষ এত বেশি পরাজিত হতো না। বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীনভাবেই তাদের কার্যক্রম পরিচালনা করছে।
দেশে বর্তমানে প্রায় ৪৫ লাখ মামলা বিচারাধীন রয়েছে উল্লেখ করে তিনি বলেন, বিচারক ও আইনজীবীর স্বল্পতার কারণেই মামলার জট দীর্ঘায়িত হচ্ছে। এ সমস্যা সমাধানে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে বলেও জানান তিনি।
এ সময় আলোচিত রামিসা হত্যা মামলার প্রসঙ্গ তুলে আইনমন্ত্রী বলেন, রামিসা হত্যা মামলায় যেন সঠিক ও ন্যায় বিচার নিশ্চিত হয়, সে বিষয়েও সরকার গুরুত্ব সহকারে নজর রাখছে।
পরিদর্শনকালে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, স্বাস্থ্য বিভাগের কর্মচারী ও বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।




