সাংবাদিকতা এক মহান পেশা। একজন প্রকৃত সাংবাদিক যেমন, মিথ্যের আড়ালে লুকিয়ে থাকা সত্য কে জনসম্মুখে তুলে ধরেন, তেমনি জনমত গঠন, জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং উন্নয়ন কর্মকাণ্ডের বাস্তব চিত্র জনগণের সামনে উপস্থাপনের গুরু দায়িত্ব পালন করেন। একই সঙ্গে এই পেশা শিক্ষিত তরুণদের জন্য কর্মসংস্থানের একটি সম্ভাবনাময় ক্ষেত্রও।ময়মনসিংহ জেলার সার্বিক পরিবেশ-পরিস্থিতি, রাজনৈতিক,
সামাজিক সমস্যার তুলে ধরা,প্রাণ-প্রকৃতি সংরক্ষণ, প্রাকৃতিক পরিবেশ রক্ষা সহ নানাবিধ কাজে সাংবাদিকদের অবদান অপরিসীম ও অনস্বীকার্য। ময়মনসিংহ জেলা আজ অর্থনীতি,পর্যটন, শিল্পায়ন, পরিবেশ, শিক্ষা, স্বাস্থ্য ও রাজনৈতিক গুরুত্বের দিক থেকে দেশের অন্যতম আলোচিত জনপদ। কিন্তু এই পরিবর্তনের ধারাকে সঠিকভাবে নথিভুক্ত, প্রচার ও ব্র্যান্ডিং করার জন্য প্রয়োজন দক্ষ, প্রশিক্ষিত এবং বিষয়ভিত্তিক সাংবাদিকতা। সময় এসেছে ময়মনসিংহ জেলাতে সাংবাদিকতার পরিধি আরও বিস্তৃত করার। অনুসন্ধানী সাংবাদিকতা, পরিবেশ সাংবাদিকতা, অর্থনৈতিক রিপোর্টিং, ক্রীড়া সাংবাদিকতা, অনলাইন ও মাল্টিমিডিয়া সাংবাদিকতা, শিক্ষা ও স্বাস্থ্যবিষয়ক সাংবাদিকতা, প্রতিটি ক্ষেত্রেই নতুন প্রজন্মের সাংবাদিকদের সম্পৃক্ত করার উদ্যোগ নিতে হবে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো বিভক্তি নয়, ঐক্য। নামে বেনামে অসংখ্য সংগঠন তৈরির চেয়ে সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, নৈতিকতা চর্চা, প্রশিক্ষণ, তথ্যপ্রযুক্তির ব্যবহার এবং জনস্বার্থকে প্রাধান্য দেওয়ার সংস্কৃতি গড়ে তোলা জরুরি। শক্তিশালী, দায়িত্বশীল ও পেশাদার সাংবাদিক সমাজই পারে ময়মনসিংহ জেলার সম্ভাবনা, সমস্যা ও অর্জনকে জাতীয় পর্যায়ে যথাযথভাবে তুলে ধরতে। এমতাবস্থায় ময়মনসিংহ জেলায় সকল সাংবাদিকদের সমন্বয়ে একটি সাংবাদিক ঐক্য পরিষদ’ গঠন করা অতীব জরুরি। পাশাপাশি সম্ভব হলে সকল স্তরের সাংবাদিকদের জীবনমান উন্নয়নে প্রবীণ সাংবাদিকদের জন্য একটি ‘ময়মনসিংহ জেলা সাংবাদিক কল্যাণ পরিষদ’ও গঠন করা যায়।
আসুন, ব্যক্তি বা গোষ্ঠীস্বার্থের ঊর্ধ্বে উঠে একটি জ্ঞানভিত্তিক, দায়িত্বশীল ও আধুনিক সাংবাদিকতা চর্চার পরিবেশ গড়ে তুলি। ময়মনসিংহ জেলার উন্নয়ন ও অগ্রযাত্রায় সাংবাদিকতাকে আরও কার্যকর ও জনমুখী করার জন্য সবাই নিজ নিজ অবস্থান থেকে ইতিবাচক ভূমিকা রাখি।




