গাজীপুরের কাপাসিয়ায় ডেঙ্গু প্রতিরোধে র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান

রাখিব চারপাশ পরিষ্কার, গড়িব সুন্দর পরিবেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে ডেঙ্গু প্রতিরোধে গাজীপুরের কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে সমন্বিত পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণ থেকে র‍্যালিটি শুরু হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয় এবং ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রচারণা চালানো হয়।
র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযানে উপস্থিত ছিলেন কাপাসিয়া উপজেলা নির্বাহী অফিসার ডাক্তার তামান্না তাসনিম, উপজেলা স্বাস্থ্য ও পরিবারক পরিকল্পনা কর্মকর্তা ডা. হাবিবুর রহমান,  থানার অফিসার ইনচার্জ নাসির আহমেদ, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান খন্দকার আজিজুর রহমান পেরা, মাওলানা শোফাউল হক এবং নাজমা সুলতানা প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতার পাশাপাশি নিজেদের বাড়ি-ঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা অত্যন্ত জরুরি। বিশেষ করে ফুলের টব, পরিত্যক্ত টায়ার, ডাবের খোসা ও অন্যান্য পাত্রে জমে থাকা পরিষ্কার পানিতে এডিস মশার লার্ভা জন্ম নিতে পারে। তাই এসব স্থান নিয়মিত পরিষ্কার রাখতে হবে।
বক্তারা আরও বলেন, ডেঙ্গু প্রতিরোধে সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য। সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হয়ে মশার প্রজননস্থল ধ্বংসে এগিয়ে আসতে হবে।
আয়োজকরা জানান, কাপাসিয়াকে ডেঙ্গুমুক্ত রাখতে নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান, সচেতনতামূলক কার্যক্রম এবং জনসম্পৃক্ত উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে। এ সময় স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

গাজীপুরের কাপাসিয়ায় সমীক্ষাতেই আটকে পুরাতন ব্রহ্মপুত্রে সেতু নির্মাণ, ভরসা এখনো বাঁশের সাঁকো

নরসিংদীর মনোহরদী উপজেলার দৌলতপুর ইউনিয়নের দৌলতপুর গ্রাম এবং গাজীপুরের কাপাসিয়া