দেশে অনলাইন সিস্টেমে জটিলতায় ভূমি সেবা কার্যক্রম ব্যাহত

সারা দেশে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের অনলাইন সেবা কার্যক্রম গত ৪৮ ঘণ্টারও বেশি সময় ধরে বন্ধ রয়েছে। সার্ভার বা সফটওয়্যারজনিত কারিগরি সমস্যার কারণে তারা নিজ নিজ আইডিতে লগইন করতে পারছেন না। ফলে ভূমি সংক্রান্ত বিভিন্ন সরকারি সেবা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
জানাগেছে, দেশের কোনো সহকারী কমিশনার (ভূমি) গত দুই দিনেরও বেশি সময় ধরে নির্ধারিত সিস্টেমে প্রবেশ করতে সক্ষম হননি। এতে নামজারি, ভূমি উন্নয়ন কর, খতিয়ান যাচাইসহ বিভিন্ন ডিজিটাল সেবা প্রদান কার্যক্রম স্থবির হয়ে পড়েছে।
এদিকে প্রয়োজনীয় সেবা গ্রহণের জন্য প্রতিদিন বিভিন্ন ভূমি অফিসে আসছেন সাধারণ নাগরিকরা। কিন্তু অনলাইন সিস্টেম অচল থাকায় অনেক ক্ষেত্রেই তাদের কাঙ্ক্ষিত সেবা দেওয়া সম্ভব হচ্ছে না। এতে নাগরিকদের মধ্যে হতাশা ও ভোগান্তি দেখা দিয়েছে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন, সমস্যার শুরুতেই দায়িত্বপ্রাপ্ত সাপোর্ট টিমকে বিষয়টি অবহিত করা হয়। সাপোর্ট টিম প্রাথমিকভাবে জানিয়েছে, তারা সমস্যাটি শনাক্ত করে সমাধানের জন্য কাজ করছে। তবে প্রতিবেদন লেখা পর্যন্ত সিস্টেম পুরোপুরি সচল করা সম্ভব হয়নি। ভূমি অফিস সংশ্লিষ্টরা দ্রুত সমস্যার সমাধান করে অনলাইন সেবা কার্যক্রম পুনরায় চালুর দাবি জানিয়েছেন।
তারা বলেন, ডিজিটাল ভূমি ব্যবস্থাপনার ওপর নাগরিকদের নির্ভরতা দিন দিন বাড়ছে। তাই দীর্ঘ সময় ধরে সিস্টেম অচল থাকলে সরকারি সেবা প্রদান বাধাগ্রস্ত হওয়ার পাশাপাশি জনভোগান্তিও বৃদ্ধি পায়। এ বিষয়ে দায়িত্বশীল কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা বা সিস্টেম সচলের নির্দিষ্ট সময়সীমা জানানো হয়নি। তবে সংশ্লিষ্টরা আশা করছেন, দ্রুত কারিগরি ত্রুটি দূর করে সেবা কার্যক্রম স্বাভাবিক করা হবে।
ভূমি অফিস সূত্রে নাগরিকদের ধৈর্য ধারণের অনুরোধ জানিয়ে বলা হয়েছে, কারিগরি ত্রুটি সমাধান হলে স্বাভাবিক কার্যক্রম পুনরায় শুরু হবে এবং নাগরিকদের সেবা যথারীতি প্রদান করা হবে।
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা সহকারী কমিশনার (ভুমি) এহসানুল হক শিপন বলেন, “গত ৪৮ ঘণ্টারও অধিক সময় ধরে সহকারী কমিশনার (ভূমি) আইডিতে লগইন করা যাচ্ছে না। সারা বাংলাদেশের কোনো সহকারী কমিশনার (ভূমি) বিগত ৪৮ ঘণ্টার মধ্যে আইডিতে প্রবেশ করতে পারেননি। ফলে অফিসে সেবা নিতে আসা নাগরিকদের কাঙ্ক্ষিত সেবা প্রদান করা সম্ভব হচ্ছে না। সমস্যার শুরুতেই সাপোর্ট টিম জানিয়েছিল যে, তারা বিষয়টি সমাধানের চেষ্টা করছে।” এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত সমস্যার সমাধান করবে বলে প্রত্যাশা করছেন সেবা প্রত্যাশীরা।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

গাজীপুরের কাপাসিয়ায় সমীক্ষাতেই আটকে পুরাতন ব্রহ্মপুত্রে সেতু নির্মাণ, ভরসা এখনো বাঁশের সাঁকো

নরসিংদীর মনোহরদী উপজেলার দৌলতপুর ইউনিয়নের দৌলতপুর গ্রাম এবং গাজীপুরের কাপাসিয়া