জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার বাহাদুরাবাদ নৌ ঘাট থেকে গাইবান্ধার বালসী ঘাট পর্যন্ত যমুনা নদীর ওপর সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা।
বুধবার দুপুরে বাহাদুরাবাদ নৌ টার্মিনালের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার শত শত মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, বাহাদুরাবাদ-বালসী নৌপথ উত্তরাঞ্চলের মানুষের জন্য একটি গুরুত্বপূর্ণ যোগাযোগ মাধ্যম। দীর্ঘদিন ধরে এ নৌপথে সেতু নির্মাণের দাবি জানানো হলেও এখনো বাস্তবায়নের কোনো উদ্যোগ দৃশ্যমান নয়। ফলে প্রতিদিন হাজারো মানুষকে নদী পারাপারে ভোগান্তি পোহাতে হচ্ছে।
উপজেলা বিএনপির সহ-সভাপতি জাহাঙ্গীর আলম লাভলু বলেন, “বাহাদুরাবাদ-বালসী ঘাটে একটি সেতু নির্মিত হলে জামালপুর, গাইবান্ধা, কুড়িগ্রামসহ উত্তরাঞ্চলের মানুষের যোগাযোগ ব্যবস্থা সহজ হবে। অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারিত হবে এবং মানুষের সময় ও অর্থের সাশ্রয় হবে। তাই দ্রুত সেতু নির্মাণের উদ্যোগ গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।”
উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাসুদ হাবিব পলিন বলেন, “এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রাণের দাবি হলো যমুনা নদীর ওপর একটি সেতু। আমরা চাই, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত প্রকল্প গ্রহণ করুক।”
এ সময় আরও বক্তব্য দেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সুধীজনরা। তারা বলেন, সেতুটি নির্মিত হলে উত্তরবঙ্গের বিভিন্ন জেলার মধ্যে সরাসরি সড়ক যোগাযোগ প্রতিষ্ঠিত হবে, যা আঞ্চলিক উন্নয়ন ও ব্যবসা-বাণিজ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
মানববন্ধন শেষে দাবি বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান অংশগ্রহণকারীরা।




