উপকূল রক্ষায় মোংলায় ব্র্যাকের সবুজ উদ্যোগ, রোপণ হবে ৩৫ হাজার চারা

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং উপকূলীয় জনগোষ্ঠীর সুরক্ষায় বাগেরহাটের মোংলায় শুরু হয়েছে ব্র্যাকের বৃহৎ ম্যানগ্রোভ বনায়ন কর্মসূচি। ‘রেইন ফর লাইফ’ প্রকল্পের আওতায় চিলা ইউনিয়নের পুরোনো ম্যানগ্রোভ বনাঞ্চল সমৃদ্ধ করতে রোপণ করা হবে ৩৫ হাজার গাছের চারা।
বৃহস্পতিবার (২ জুলাই) সকালে চিলা ইউনিয়নের কলাতলা গ্রামের পশুর নদীর তীরে এ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্র্যাকের রেইন ফর লাইফ প্রকল্পের অপারেশন ম্যানেজার প্রকাশ চন্দ্র বিশ্বাস। প্রধান অতিথি ছিলেন মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শারমিন আক্তার সুমী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)-এর কেন্দ্রীয় নেতা ও পরিবেশযোদ্ধা মো. নূর আলম শেখ। এছাড়া ব্র্যাক কর্মকর্তা তৃপ্তি সরদার, সাহানা বেগম, বিএনপি নেতা সুরাজ মণ্ডল, ইয়ুথ লিডার ইমনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও শারমিন আক্তার সুমী বলেন, সরকার আগামী পাঁচ বছরে ২৫ কোটি গাছ রোপণের লক্ষ্য নির্ধারণ করেছে। সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগে এ কর্মসূচি বাস্তবায়ন করা হবে। তিনি বলেন, জলবায়ু ঝুঁকিপূর্ণ মোংলায় ম্যানগ্রোভ বনায়ন ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ও নদীভাঙনের ক্ষয়ক্ষতি কমাতে কার্যকর ভূমিকা রাখবে। এজন্য গাছ লাগানোর পাশাপাশি সেগুলোর পরিচর্যা ও সংরক্ষণেও সবাইকে এগিয়ে আসতে হবে।
বিশেষ অতিথি মো. নূর আলম শেখ বলেন, এই উদ্যোগের ফলে ম্যানগ্রোভ বন আরও সমৃদ্ধ হবে, যা প্রাকৃতিক ঢাল হিসেবে উপকূলকে সুরক্ষা দেবে। একই সঙ্গে লবণাক্ততা নিয়ন্ত্রণ, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং মাছ, কাঁকড়া ও বিভিন্ন প্রজাতির পাখির নিরাপদ আবাসস্থল তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সভাপতির বক্তব্যে ব্র্যাকের রেইন ফর লাইফ প্রকল্পের অপারেশন ম্যানেজার প্রকাশ চন্দ্র বিশ্বাস বলেন, উপকূলীয় অঞ্চলের মানুষ প্রতিনিয়ত জলবায়ু পরিবর্তনের ঝুঁকির মুখে রয়েছে। প্রকৃতিভিত্তিক সমাধানের মাধ্যমে ম্যানগ্রোভ বনাঞ্চল সমৃদ্ধ করা গেলে তা পরিবেশের ভারসাম্য রক্ষা এবং স্থানীয় জনগোষ্ঠীর জলবায়ু সহনশীলতা বৃদ্ধিতে দীর্ঘমেয়াদে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ব্র্যাকের জলবায়ু পরিবর্তন কর্মসূচির আওতায় ড্যানিশ মিনিস্ট্রি অব ফরেন অ্যাফেয়ার্স-এর অর্থায়নে বাস্তবায়িত ‘রেইন ফর লাইফ’ প্রকল্পের মাধ্যমে মোংলা উপজেলার চিলা ইউনিয়নের তেলিখালী ও কেয়াবুনিয়া গ্রামের পুরোনো ম্যানগ্রোভ বনাঞ্চলের ফাঁকা স্থানে বাইন, কাঁকড়া, কেওড়াসহ উপযোগী বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ এবং বীজ বপন করা হবে। প্রকল্পের আওতায় স্থানীয় জনগোষ্ঠীর অংশগ্রহণে প্রায় এক কিলোমিটার এলাকাজুড়ে বনায়ন কার্যক্রম পরিচালিত হবে।
বিশেষজ্ঞদের মতে, এ ধরনের ম্যানগ্রোভ বনায়ন শুধু উপকূলকে প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি থেকে সুরক্ষা দেবে না, বরং দীর্ঘমেয়াদে পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায়ও গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

​লামায় পৈত্রিক সম্পত্তি জবরদখল ও অর্থ আত্মসাতের অভিযোগ বড় ভাইয়ের বিরুদ্ধে, দ্বারে দ্বারে ঘুরছেন ভুক্তভোগী নারী

বান্দরবানের লামা উপজেলার ফাঁসিয়াখালী মৌজায় পৈত্রিক ও নিজস্ব খরিদা সম্পত্তি