কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বেতন-ভাতার দাবিতে মাগুরায় অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছেন বাংলাদেশ প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ান কল্যাণ সমিতির সদস্যরা।
রবিবার (৬ জুলাই) সকাল সাড়ে ১১টায় মাগুরা জেলা প্রাণিসম্পদ কার্যালয়ের প্রধান ফটকের সামনে বাংলাদেশ প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ান কল্যাণ সমিতি, মাগুরা জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে তারা সরকারি বেতন-ভাতার আওতায় আনার দাবি জানিয়ে আসলেও এখন পর্যন্ত এ বিষয়ে কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। তাই ন্যায্য দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তাদের অনির্দিষ্টকালের কর্মবিরতি অব্যাহত থাকবে।
বক্তারা আরও বলেন, ১৯৯৭ সাল থেকে তারা কৃত্রিম প্রজনন কার্যক্রম, গরুর জাত উন্নয়ন এবং পশুপালনের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। এক সময় সরকার মাত্র দুই বছরের জন্য মাসিক দুই হাজার টাকা সম্মানী প্রদান ০ প0রবর্তীতে সেটিও বন্ধ করে দেওয়া হয়। ঙদীর্ঘদিন ধরে কোনো বেতন-ভাতা না পাওয়ায় তারা মানবেতর জীবনযাপন করছেন বলে দাবি করেন।
কর্মসূচিতে বক্তব্য দেন বাংলাদেশ প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ান কল্যাণ সমিতি, মাগুরা জেলা শাখার সভাপতি বাবুল কুমার মণ্ডল, সাধারণ সম্পাদক মো. পিকুল হোসেন এবং সাংগঠনিক সম্পাদক অজয় কুমার মিত্র।
এ সময় সদস্য মোহাম্মদ রফিকুল ইসলাম, মো. আনিসুর রহমান টিটোসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।
সমিতির নেতারা জানান, তাদের ন্যায্য দাবি পূরণে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে বলে তারা আশা করছেন। অন্যথায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে অনির্দিষ্টকালের কর্মবিরতি অব্যাহত থাকবে।




