যৌন ও লিঙ্গভিত্তিক সহিংসতার মামলার অগ্রগতি পর্যবেক্ষণে পাবনায় ‘মামলা সমন্বয় প্ল্যাটফর্ম’ গঠনের উদ্যোগ

 ৯ জুলাই যৌন ও লিঙ্গভিত্তিক সহিংসতা (SGBV)-এর ভুক্তভোগীদের ন্যায়বিচার নিশ্চিত করতে চলমান মামলাগুলোর নিয়মিত অগ্রগতি পর্যবেক্ষণের লক্ষ্যে কার্যকর ‘মামলা সমন্বয় প্ল্যাটফর্ম’ গঠন বিষয়ক এক সভা অনুষ্ঠিত হয়েছে। ব্লাস্ট পাবনা ইউনিটের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল, পাবনার বিচারক  মো. নূরে আলম। বিশেষ অতিথি ছিলেন শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল, পাবনার বিচারক আলমগীর কবির শিপন। এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড ডিএসবি) পাবনা মো. রেজিনুর ইসলাম, সিভিল সার্জনের প্রতিনিধি মেডিকেল অফিসার ডা. আমিনুর ইসলাম, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. নাজমুল হোসেন শাহীন, সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) ফারজানা পারভীন এবং কোর্ট ইন্সপেক্টর মো. সেলিম।
সভায় আরও উপস্থিত ছিলেন পাবনা বার অ্যাসোসিয়েশন ও ব্লাস্ট পাবনা ইউনিটের সভাপতি অ্যাডভোকেট খন্দকার মাকসুদুর রহমান মাসুদ, পাবনা বার অ্যাসোসিয়েশনের সম্পাদক ও ব্লাস্ট পাবনা ইউনিটের সহ-সভাপতি অ্যাডভোকেট মলয় কুমার দাস রায়, ব্লাস্ট পাবনা ইউনিটের উপদেষ্টা অ্যাডভোকেট মো. আলমগীর হোসেন, এমএসএফ ডিএইচ আরএমও কামাল আহমেদ সিদ্দিকী ও  RLRC কমিটির সদস্যবৃন্দ।
সভায় মূল উপস্থাপনা করেন ব্লাস্ট পাবনা ইউনিটের স্টাফ লইয়ার অ্যাডভোকেট সুলতানা পারভীন (সায়মা)। সভার উদ্বোধন করেন সভাপতি অ্যাডভোকেট খন্দকার মাকসুদুর রহমান মাসুদ এবং স্বাগত বক্তব্য দেন উপদেষ্টা অ্যাডভোকেট মো. আলমগীর হোসেন।
আলোচনায় যৌন ও লিঙ্গভিত্তিক সহিংসতার মামলাগুলোর নিয়মিত ট্র্যাকিং, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সমন্বয় বৃদ্ধি এবং ভুক্তভোগীদের ন্যায়বিচার নিশ্চিত করতে একটি কার্যকর ‘মামলা সমন্বয় প্ল্যাটফর্ম’ গঠনের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করা হয়। অংশগ্রহণকারীরা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে প্ল্যাটফর্ম গঠনে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
প্রধান অতিথির বক্তব্যে বিচারক মো. নূরে আলম বলেন, ভুক্তভোগীদের ন্যায়বিচার নিশ্চিত করার এই উদ্যোগ অত্যন্ত মহৎ ও সময়োপযোগী। তিনি জানান, আইন মন্ত্রণালয়ের উদ্যোগ এবং উচ্চ আদালতের প্রয়োজনীয় নির্দেশনা থাকলে বিচার বিভাগের বিচারকরা আনুষ্ঠানিকভাবে এ ধরনের প্ল্যাটফর্মে যুক্ত হতে পারবেন। একই সঙ্গে তিনি যৌন ও লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধে আইনি সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন এবং প্ল্যাটফর্মে কোন কোন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করা হলে এটি আরও কার্যকর হবে সে বিষয়ে মতামত প্রদান করেন।
বিশেষ অতিথি বিচারক আলমগীর কবির শিপন বলেন, এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। তিনি জানান, পূর্বে GIZ প্রকল্পের আওতায় উচ্চ আদালতের নির্দেশনার ভিত্তিতে বিচারকদের সম্পৃক্ততা সম্ভব হয়েছিল। একই ধরনের নির্দেশনা থাকলে ‘মামলা সমন্বয় প্ল্যাটফর্ম’ গঠনেও বিচারকদের অংশগ্রহণ সহজ হবে। তিনি প্ল্যাটফর্ম গঠনের আগ পর্যন্ত এ ধরনের সমন্বয় সভা নিয়মিত আয়োজনেরও পরামর্শ দেন।
অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) জনাব মো. রেজিনুর ইসলাম প্ল্যাটফর্ম গঠনের উদ্যোগের সঙ্গে একমত পোষণ করেন এবং সমন্বিত উদ্যোগের মাধ্যমে মামলার অগ্রগতি তদারকির গুরুত্ব তুলে ধরেন।
সভায় উপস্থিত অন্যান্য অংশগ্রহণকারীরাও প্ল্যাটফর্ম গঠনের বিষয়ে একাত্মতা প্রকাশ করেন এবং এর কাঠামো, সদস্যসংখ্যা ও কার্যপরিধি নিয়ে মতামত দেন। সভা শেষে অংশগ্রহণকারীরা এ গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণের জন্য ব্লাস্ট পাবনা ইউনিটকে ধন্যবাদ জানান।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন