“জলবায়ু পরিবর্তন: আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে মাগুরায় বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও গাছের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর, মাগুরার যৌথ আয়োজনে সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোতাকাব্বীর আহমেদ। এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল কাদের, সহকারী পুলিশ সুপার (শালিখা সার্কেল) নিশাত আল নাহিয়ান, পরিবেশ অধিদপ্তর, মাগুরার সহকারী পরিচালক শোয়াইব মোহাম্মদ শোয়েব এবং সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মো. জিল্লুর রহমানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।
বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষের সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত জরুরি। পরিবেশ রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং সবুজায়ন বৃদ্ধিতে সবাইকে বেশি বেশি গাছ লাগানো ও পরিচর্যার আহ্বান জানানো হয়।
কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থী, অভিভাবক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে গাছের চারা বিতরণ করা হয়। এ সময় স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন–মাগুরার প্রতিনিধি রাব্বি হাসান এবং সংগঠনের সদস্যরা চারা বিতরণ কার্যক্রমে অংশ নেন।
অনুষ্ঠানে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।




