দিনাজপুরের পার্বতীপুরে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ যৌন উত্তেজক সিরাপ উদ্ধার এবং তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধারকৃত সিরাপের পরিমাণ ১৫ হাজার ৫৭৬ বোতল, যার বর্তমান মূল্য প্রায় ৯ লাখ ৯৬ হাজার ২৪০ টাকা।
দিনাজপুর জেলার পুলিশ সুপার মো. জেদান আল মুসা, পিপিএম-এর দিকনির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) সুমন রঞ্জন সরকারের সার্বিক তত্ত্বাবধানে এবং ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মুহাম্মদ আলমগীর, পিপিএম-এর নেতৃত্বে পরিচালিত অভিযানে এ সাফল্য আসে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২৬ জুলাই ২০২৬ রাত প্রায় ১০টা ২৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি চৌকস দল পার্বতীপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের রহমতনগর এলাকায় অবস্থিত করতোয়া কুরিয়ার সার্ভিসের অফিসে অভিযান চালায়। এ সময় সেখানে অনুমোদনবিহীন ও সরকারি বৈধ লাইসেন্স ছাড়া যৌন উত্তেজক সিরাপ বিক্রির তথ্যের সত্যতা পাওয়া যায়।
অভিযানকালে ঘটনাস্থল থেকে মো. লাভলু হোসেন মানিক (৪০) নামে একজনকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে পৃথক অভিযান চালিয়ে মো. ওমর ফারুক সরকার (৪৩) ও মো. হাসান আলী (৫৮)-কে তাদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
পরবর্তীতে গ্রেপ্তারকৃতদের দেখানো মতে কুরিয়ার সার্ভিস অফিসের ভেতরে তল্লাশি চালিয়ে ৩৫টি কার্টনে সংরক্ষিত বিভিন্ন কোম্পানির মোট ১৫ হাজার ৫৭৬ বোতল অবৈধ যৌন উত্তেজক সিরাপ উদ্ধার করা হয়। এসব ওষুধ বিক্রির কোনো বৈধ অনুমোদন বা সরকারি লাইসেন্স ছিল না বলে জানিয়েছে পুলিশ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা স্বীকার করেছে যে, তারা দীর্ঘদিন ধরে অজ্ঞাতনামা আরও কয়েকজন সহযোগীর সঙ্গে যোগসাজশে দেশের বিভিন্ন স্থান থেকে এসব সিরাপ সংগ্রহ করে অধিক মুনাফার আশায় অবৈধভাবে বাজারজাত ও বিক্রি করে আসছিল।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় গ্রেপ্তার তিন আসামি এবং জড়িত অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। একই সঙ্গে অবৈধ ওষুধ সরবরাহ চক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।




