বাদশাগঞ্জ পাবলিক বালিকা উচ্চ বিদ্যালয়ে ৩০তম বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার বাদশাগঞ্জ পাবলিক বালিকা উচ্চ বিদ্যালয়ের ৩০তম বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২৭-০১-২০২৬ ইং রোজ মঙ্গলবার বেলা ১১ ঘটিকায় বিদ্যালয়ের খেলার মাঠে আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত এ ক্রীড়া উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) জনাব জনি রায়।
অনুষ্ঠানের শুরুতে পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে ক্রীড়া প্রতিযোগিতার শুভ সূচনা করেন প্রধান অতিথি। এ সময় তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “মেয়েদের শারীরিক ও মানসিক বিকাশে এবং দলগত সম্প্রীতি ও শৃঙ্খলাবোধ গড়ে তুলতে বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতার কোন বিকল্প নেই।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্মপাশা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জনাব সঞ্জয় ঘোষ, ধর্মপাশা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব মাহবুবুল কবির এবং বাদশাগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ খলিলুর রহমান।
অনুষ্ঠানটি ছিল এলাকার ক্রীড়াপ্রেমী দর্শকদের উপচে পড়া ভিড়ে মুখরিত। সারাদিনব্যাপী বিভিন্ন ট্র্যাক ও ফিল্ড ইভেন্টে শিক্ষার্থীরা তাদের ক্রীড়া দক্ষতা ও সক্ষমতার স্বাক্ষর রাখে। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল শিক্ষার্থীদের পরিবেশিত নান্দনিক ও সংহত ‘ডিসপ্লে’ বা শারীরিক কসরত প্রদর্শনী, যা সকলের নজর কাড়ে।
দিনব্যাপী প্রতিযোগিতার সমাপনী পর্বে বিভিন্ন ইভেন্টে বিজয়ী ও রানার-আপ শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের সভাপতি প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। পুরস্কার বিতরণের মাধ্যমে ৩০তম ক্রীড়া উৎসবের সফল সমাপ্তি ঘটে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন