মিয়ানমার থেকে ছোড়া গুলিতে টেকনাফে দুই কিশোর জেলে আহত

  কক্সবাজারের টেকনাফ উপজেলার সীমান্তবর্তী নাফ নদীতে মাছ ধরার সময় মিয়ানমার দিক থেকে ছোড়া গুলিতে দুই কিশোর জেলে আহত হয়েছেন। জেলেদের দাবি, আরাকান আর্মির সদস্যদের ছোড়া গুলিতে তারা আহত হন।

মঙ্গলবার (গতকাল) দুপুরে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের ঝিমংখালী সংলগ্ন নাফ নদীতে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই খোকন কান্তি রুদ্র।

আহতরা হলেন—হোয়াইক্যং ইউনিয়নের কানজরপাড়া এলাকার শেখ কামালের ছেলে মো. সোহেল (১৬) এবং একই ইউনিয়নের মো. ইউনুসের ছেলে মো. ওবাইদুল্লাহ (১৭)। বর্তমানে তারা উখিয়ার কুতুপালংয়ে অবস্থিত এমএসএফ হাসপাতালে চিকিৎসাধীন।

স্থানীয় জেলে ইমান হোসেন জানান, দুপুরের দিকে কয়েকজন জেলে নৌকায় করে নাফ নদীতে মাছ ধরছিলেন। এ সময় মিয়ানমার সীমান্তের দিক থেকে আরাকান আর্মির সদস্যরা জেলেদের লক্ষ্য করে ১০ থেকে ১৫ রাউন্ড গুলি ছোড়ে। এতে সোহেল ও ওবাইদুল্লাহ গুলিবিদ্ধ হন। পরে স্থানীয় জেলেরা দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই খোকন কান্তি রুদ্র বলেন, নাফ নদীতে দুই জেলে গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

উল্লেখ্য, এর আগেও সীমান্ত এলাকায় এ ধরনের সহিংসতার ঘটনা ঘটেছে। চলতি মাসের ১২ জানুয়ারি হোয়াইক্যং ইউনিয়নের তেচ্ছিব্রিজ সীমান্তে আরাকান আর্মির ছোড়া গুলিতে সুমাইয়া হুজাইফা (১১) নামে এক শিশু আহত হয়। বর্তমানে সে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন। এর পরদিন ১৩ জানুয়ারি একই সীমান্ত এলাকায় বাংলাদেশ অভ্যন্তরে একটি মাইন বিস্ফোরণে আবু হানিফ (২৬) নামে এক যুবকের বাম পা বিচ্ছিন্ন হয়ে যায়।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন