ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মহাসড়কের পাশে রাখা গাছের গুঁড়ি সরাতে করাতকল মালিকদের ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সালাউদ্দিন বিশ্বাসের নেতৃত্বে যৌথবাহিনীর একটি দল।
গতকাল মঙ্গলবার দুপুরে ময়মনসিংহ–কিশোরগঞ্জ মহাসড়কের ঈশ্বরগঞ্জ অংশে গড়ে ওঠা বিভিন্ন করাতকল মালিকদের এ নির্দেশনা দেওয়া হয়। যৌথবাহিনীর বেঁধে দেওয়া ২৪ ঘণ্টার সময় আজ বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে শেষ হবে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যোগাযোগ ব্যবস্থায় যেন কোনো ধরনের বিঘ্ন সৃষ্টি না হয়, সে লক্ষ্যেই এ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। সতর্কতামূলক অভিযানের সময় উপস্থিত ছিলেন ইলেকটোরাল ইনকোয়্যারি কমিটির সদস্যরা, ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আজম, তদন্ত ওসি প্রজিত কুমার দাস এবং সেনাবাহিনীর একটি দল।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সালাউদ্দিন বিশ্বাস বলেন, “আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে যোগাযোগব্যবস্থা সচল রাখতে মহাসড়কের পাশ থেকে গাছের গুঁড়ি সরিয়ে নিতে করাতকল মালিকদের ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে নির্দেশনা বাস্তবায়ন না হলে বিধি মোতাবেক কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে।”




