রাজশাহীতে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের আগমন উপলক্ষে রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বরে শুভেচ্ছা ও স্বাগতম মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮ জানুয়ারি) বিকাল ৪টার দিকে বানেশ্বর ও বেলপুকুর ইউনিয়ন বিএনপির আয়োজনে এ মিছিল অনুষ্ঠিত হয়। রাজশাহী-৫ (পুঠিয়া–দুর্গাপুর) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক নজরুল ইসলামের পক্ষে এবং বানেশ্বর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক হযরত আলী ও পুঠিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুর রাকিবের সার্বিক সহযোগিতায় মিছিলটি আয়োজন করা হয়।
শুভেচ্ছা মিছিলটি বানেশ্বর সোবহান সরকারের মুড়ির মিল এলাকা থেকে শুরু হয়ে ঢাকা–রাজশাহী মহাসড়ক প্রদক্ষিণ করে বানেশ্বর ট্রাফিক মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
মিছিলে বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ব্যানার, ফেস্টুন ও দলীয় স্লোগান নিয়ে অংশগ্রহণ করেন। এ সময় নেতাকর্মীরা তারেক রহমানের প্রতি শুভেচ্ছা ও ভালোবাসা প্রকাশ করেন।
সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, তারেক রহমানের নেতৃত্বে বিএনপি দেশের গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের মৌলিক অধিকার পুনরুদ্ধারে ঐক্যবদ্ধভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছে। তারা বলেন, আগামী দিনে এই আন্দোলন আরও জোরদার হবে।
মিছিলে উপস্থিত ছিলেন বানেশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক দুলাল, জেলা বাংলাদেশ জাতীয়তাবাদী সমবায় দলের সদস্য সচিব রুপস সরকার, পুঠিয়া উপজেলা বিএনপির সদস্য মিজানুর রহমান মিজান, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি জুলফিকার রহমান ভুট্টো, উপজেলা বিএনপির সদস্য শাহজামাল সাবু, পুঠিয়া উপজেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এরশাদ আলী, বিএনপি নেতা রফিকুল ইসলাম রফিক, রাসেল সরকার, আব্দুল আজিজ মেম্বার, শিবপুর ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শাহ আলমসহ বানেশ্বর ও বেলপুকুর ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল এবং বিভিন্ন ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকরা।
এ সময় নেতৃবৃন্দ তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন এবং তার নেতৃত্বে বিএনপির ভবিষ্যৎ আন্দোলন আরও বেগবান হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।




