পটুয়াখালী-১ আসনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে দুমকিতে কেন্দ্রীয় যুবদলের নির্বাচনী কর্মশালা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পটুয়াখালী-১ (মির্জাগঞ্জ, দুমকি ও পটুয়াখালী সদর) আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরীর বিজয় নিশ্চিত করতে তৎপর হয়ে উঠেছে কেন্দ্রীয় যুবদল। এরই অংশ হিসেবে দুমকিতে একটি গুরুত্বপূর্ণ নির্বাচনী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮ জানুয়ারি) সকালে দুমকি উপজেলা বিএনপির নির্বাচনী কার্যালয়ে কেন্দ্রীয় যুবদলের দায়িত্বপ্রাপ্ত নির্বাচনী টিমের উদ্যোগে আয়োজিত এ কর্মশালায় উপজেলা যুবদলের আহ্বায়ক মো. জসিম উদ্দিন হাওলাদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদলের নির্বাচনী প্রচার টিমের সমন্বয়ক সৈয়দ মোস্তাফিজুর রহমান রুমী।
কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাচনী প্রচার টিমের সমন্বয়ক অ্যাডভোকেট এবিএম মহসিন বিশ্বাস, খন্দকার মো. রিয়াজ, অ্যাডভোকেট এম. এ. মজিদ (মানিক) ও সাইফ খান মিজানসহ কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ।
কর্মশালায় নির্বাচনকেন্দ্রিক সাংগঠনিক প্রস্তুতি জোরদার, ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ বৃদ্ধি, কেন্দ্রভিত্তিক টিম গঠন এবং নির্বাচন কমিশনের বিধি-বিধান মেনে শান্তিপূর্ণভাবে প্রচারণা পরিচালনার বিষয়ে বিস্তারিত দিকনির্দেশনা দেওয়া হয়। বক্তারা বলেন, জনগণের ভোটাধিকার রক্ষাই এ নির্বাচনের প্রধান লক্ষ্য। এজন্য প্রতিটি কর্মীকে দায়িত্বশীল, শৃঙ্খলাবদ্ধ ও ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করতে হবে।
বক্তারা আরও বলেন, কেন্দ্রভিত্তিক শক্তিশালী প্রস্তুতি ছাড়া কাঙ্ক্ষিত ফল অর্জন সম্ভব নয়। তাই ভোটারদের ভোটকেন্দ্রে আনতে যুবদলকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে এবং কোনো ধরনের উসকানি বা সহিংসতায় জড়ানো যাবে না।
কর্মশালার শেষ পর্বে যুবদলের নেতাকর্মীদের প্রতি ঐক্যবদ্ধভাবে দায়িত্ব পালনের আহ্বান জানানো হয় এবং পটুয়াখালী-১ আসনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণের অঙ্গীকার ব্যক্ত করা হয়।
কর্মশালায় কেন্দ্রীয় ও স্থানীয় যুবদল এবং বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ দায়িত্বপ্রাপ্ত নির্বাচনী টিমের সদস্যরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন