ময়মনসিংহ গভর্নমেন্ট ল্যাবরেটরী হাই স্কুলের ৭৭তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান বিদ্যালয় প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ জানুয়ারি ২০২৬) দিনব্যাপী আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও আমন্ত্রিত অতিথিদের প্রাণবন্ত উপস্থিতিতে স্কুল প্রাঙ্গণ ছিল মুখরিত।
ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহের জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান। তিনি বলেন, “শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার কোনো বিকল্প নেই। পড়াশোনার পাশাপাশি নিয়মিত খেলাধুলা শিক্ষার্থীদের শৃঙ্খলাবোধ, নেতৃত্বগুণ ও আত্মবিশ্বাস গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”
অনুষ্ঠানের পুরস্কার বিতরণী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, ময়মনসিংহ অঞ্চলের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) মোহা: নাসির উদ্দীন। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব দেবে। খেলাধুলার মাধ্যমে তারা সুস্থ প্রতিযোগিতা ও সহনশীলতার শিক্ষা গ্রহণ করবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিট) লুৎফুন নাহার, জেলা শিক্ষা অফিসার মোছিনা খাতুন এবং ময়মনসিংহ জিলা স্কুলের প্রধান শিক্ষক মোঃ আব্দুস সালাম। তাঁরা শিক্ষার্থীদের অংশগ্রহণমূলক এই আয়োজনের ভূয়সী প্রশংসা করেন।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গভর্নমেন্ট ল্যাবরেটরী হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ আব্দুস ছাবুর, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা–২০২৬-এর সম্পাদক ও বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাহফুজা আক্তার খাতুনসহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকবৃন্দ।
দিনব্যাপী আয়োজিত ক্রীড়া প্রতিযোগিতায় দৌড়, লং জাম্প, হাই জাম্প, বল নিক্ষেপসহ বিভিন্ন ইভেন্টে ছাত্র ও ছাত্রীরা অংশগ্রহণ করে। প্রতিযোগিতা শেষে বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের হাতে অতিথিবৃন্দ পুরস্কার তুলে দেন।
অনুষ্ঠানটি শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি করে এবং সফলভাবে সম্পন্ন হয়।