শেরপুরে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

শেরপুরে ১১ দলীয় জোটের উদ্যোগে এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ফেব্রুয়ারি) শহরের শহীদ দারোগ আলী পৌর পার্কে আয়োজিত এ জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. শফিকুর রহমান।
শেরপুর জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় বক্তব্য রাখেন ঢাকসু জিএস এস এম ফরহাদ, জুলাই যোদ্ধা খোকন চন্দ্র বরম, শেরপুরের তিনটি আসনের জামায়াত মনোনীত প্রার্থীসহ ১১ দলীয় জোটের নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে ডা. শফিকুর রহমান বলেন, যুবকদের জন্য বেকার ভাতা নয়, কর্মসংস্থান সৃষ্টি করাই তাদের মূল লক্ষ্য। তিনি বলেন, বাংলাদেশকে যুবসমাজের হাতে তুলে দিতে চায় জামায়াতে ইসলামী ও ১১ দলীয় জোট।
তিনি আরও বলেন, চাঁদাবাজি, দখলবাজি ও মামলা-বাণিজ্য তাদের রাজনীতির অংশ নয় এবং ভবিষ্যতেও এসব কর্মকাণ্ডে তারা জড়াবে না।
এসময় তিনি শেরপুরের শ্রীবরদী উপজেলায় এক জামায়াত নেতা হত্যার মামলার তদন্তে অগ্রগতি না থাকায় ক্ষোভ প্রকাশ করেন।
জনসভা শেষে নতুন বাংলাদেশ গড়তে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার পাশাপাশি ১১ দলীয় জোটের প্রার্থীদের বিজয়ী করার আহ্বান জানান তিনি।
জনসভায় জামায়াতে ইসলামী ও ১১ দলীয় জোটের জেলা ও উপজেলা পর্যায়ের হাজার হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন