নারায়ণগঞ্জের রূপগঞ্জে বোরো মৌসুমে বোরো ধান চাষাবাদে ব্যস্ত সময় পার করছে কৃষকেরা। সাধারণত নভেম্বর-ডিসেম্বরে বীজ বপন ও জানুয়ারি-ফেব্রুয়ারিতে চারা রোপণ করে এপ্রিল-মে মাসে বোরো ফসল কাটা হয়।
সরেজমিনে গিয়ে দেখা যায়, কৃষকেরা কেউ ধানের ছোট চারা রোপণ করছে, কেউ জমি চাষ করছে, কেউ জমি চাষাবাদের জন্য প্রস্তুত করছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নিরলস পরিশ্রম করে মাঠে ফসল ফলাতে ব্যস্ত সময় পার করছে কৃষকেরা।
বর্তমানে ব্রি-১০১, ব্রি-১০৪, ব্রি-১০৭,আমন-১০৩ জাতের ধান বেশি রোপণ করছে কৃষকেরা। ভালো বীজ থেকে প্রায় ১৭-২৫ মণ পর্যন্ত ধান পাওয়া যায়।
হাউলীপাড়া গ্রামের কৃষক খোরশেদ আলম জানান, এবারের মৌসুমে তিনি ২ বিঘা জমিতে বোরো ধান আবাদ করেছেন। সবকিছু ঠিক থাকলে ৪০ মন ধান পাওয়ার আশাবাদী তিনি।
মুড়াপাড়া ইউনিয়ন দড়িকান্দি ব্লকের উপ সহকারী কৃষি কর্মকর্তা সাগর পোদ্দার বলেন, এই ব্লকে এবার প্রায় ৬৫ হেক্টর জমিতে বোরো ধান আবাদ হচ্ছে। আমরা কৃষি অধিদপ্তরের পক্ষ থেকে কৃষকদের পরামর্শ ও প্রযুক্তি সম্পর্কে অবহিত করছি।
উপজেলা কৃষি অফিসার আফরোজা সুলতানা বলেন, এ বছর ৫০০০ হেক্টর জমিতে বোরো ধান আবাদের লক্ষ্যমাত্রা রয়েছে। কৃষি অফিস থেকে কৃষকদের সর্বাত্মক সহযোগিতা করা হচ্ছে। ৫০০ কৃষককে বিনামূল্যে উন্নত বীজ ও সার প্রদান করা হয়েছে। আশা করছি এবছর বোরো ফসল চাষাবাদ করে কৃষকেরা লাভবান হবে।




