বাঁশখালীতে ধানের শীষের সমাবেশ জনসমুদ্রে পরিণত হাজারো মানুষের উপস্থিতিতে গণজোয়ার

চট্টগ্রাম–১৬ (বাঁশখালী) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পার সমর্থনে বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে সমাবেশটি জনসমুদ্রে পরিণত হয়।
সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে অনুষ্ঠিত এ সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি শহীদুল ইসলাম বুলবুল। পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক রাশেল ইকবাল মিয়া ও অ্যাডভোকেট নাছির উদ্দীনের যৌথ সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি মনোনীত প্রার্থী মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা।
সমাবেশে বক্তব্য রাখেন বিএনপি নেতা অ্যাডভোকেট ইফতেখার হোসেন চৌধুরী মহসিন, শাকওয়াত জামান দুলাল, জহিরুল ইসলাম চৌধুরী আলমগীর, জেলা পিপি আশরাফ হোসেন চৌধুরী রজ্জাক, চেয়ারম্যান আমিনুর রহমান চৌধুরী, অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম, মাস্টার লোকমান আহমদ, সাবেক পৌর মেয়র কামরুল ইসলাম হোসাইনী, আলমগীর কবির চৌধুরী, আসহাব উদ্দীন চেয়ারম্যান, রেজাউল হক চৌধুরী, সাবেক চেয়ারম্যান আক্তার হোসেন, মো. মহসিন, দেলোয়ার আজিম চৌধুরী, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক আবু আহমদ, সদস্য সচিব মো. রাশেল চৌধুরী, দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আব্দুস সবুর, যুবদল নেতা জয়নাল আবেদীন, তমিজ উদ্দীন, মোশাররফ হোসেন, মো. তৈয়ব, ফরিদুল আলম রানা, নাজিম উদ্দীন সিকদারসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা বলেন, “১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণের দিন ফজরের নামাজ আদায় করে সবাইকে ভোটকেন্দ্রে উপস্থিত হতে হবে এবং ধানের শীষে ভোট দিয়ে আমাকে বিজয়ী করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বাঁশখালী আসনটি উপহার দিতে হবে।”
তিনি আরও বলেন, “আপনারা আমাকে নির্বাচিত করে সংসদে পাঠালে বাঁশখালীর মানুষের আশা-আকাঙ্ক্ষার কথা জাতীয় সংসদে তুলে ধরব।” তিনি প্রধান সড়ক চার লেনে উন্নীতকরণ, বেড়িবাঁধ নির্মাণ ও সংস্কার, অবকাঠামো উন্নয়ন, অর্থনৈতিক অঞ্চল স্থাপন, কর্মসংস্থান সৃষ্টি, স্বাস্থ্য ও পর্যটন খাতের উন্নয়নসহ কৃষক, শ্রমিক, লবণ শ্রমিক, চাকরিচ্যুত ব্যাংকার ও প্রবাসীদের ন্যায্য অধিকার নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন।
সমাবেশে উপস্থিত জনসাধারণ ধানের শীষের পক্ষে স্লোগানে স্লোগানে মাঠ প্রকম্পিত করে তোলে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন