ভোটার নম্বর ও ভোটকেন্দ্র জানার চারটি সহজ উপায়

আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদের ভোটপ্রদান সহজ ও নির্বিঘ্ন করতে ভোটার নম্বর ও ভোটকেন্দ্রের তথ্য জানার জন্য চারটি সহজ পদ্ধতি চালু করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)।
নির্বাচন কমিশনের জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক গণমাধ্যমকে জানান, এসব পদ্ধতির মাধ্যমে ভোটাররা দ্রুত ও নির্ভুলভাবে নিজেদের ভোটার নম্বর, ভোটার ক্রমিক নম্বর এবং ভোটকেন্দ্রের নাম ও ঠিকানা জানতে পারবেন।
তিনি জানান, প্রথম পদ্ধতিতে ভোটাররা Smart Election Management BD অ্যাপের মাধ্যমে তথ্য জানতে পারবেন। এ জন্য প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করে ইনস্টল করতে হবে। অ্যাপের ড্যাশবোর্ড থেকে ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন’ নির্বাচন করে ‘ভোট কেন্দ্র খুঁজুন’ অপশনে ক্লিক করতে হবে। এরপর এনআইডি নম্বর ও জন্ম তারিখ প্রদান করলে ভোটার নম্বরসহ ভোটকেন্দ্রের বিস্তারিত তথ্য প্রদর্শিত হবে।
দ্বিতীয় পদ্ধতিতে ভোটাররা হটলাইন নম্বর ১০৫-এ কল করে তথ্য জানতে পারবেন। কল করার পর অপারেটরের সঙ্গে কথা বলতে ৯ প্রেস করতে হবে। এ ক্ষেত্রে ভোটারের এনআইডি নম্বর ও জন্ম তারিখ প্রয়োজন হবে। প্রতিদিন ভোর ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত এ সেবা চালু থাকবে।
তৃতীয় পদ্ধতিতে এসএমএসের মাধ্যমে তথ্য পাওয়া যাবে। এ জন্য মোবাইলের মেসেজ অপশনে গিয়ে PC NID লিখে ১০৫ নম্বরে পাঠাতে হবে। ফিরতি এসএমএসের মাধ্যমে ভোটার নম্বর ও ভোটকেন্দ্রের তথ্য জানিয়ে দেওয়া হবে।
চতুর্থ পদ্ধতিতে নির্বাচন কমিশনের ওয়েবসাইট ব্যবহার করেও ভোটার নম্বর ও ভোটকেন্দ্রের তথ্য জানা যাবে। এ জন্য যেকোনো ব্রাউজার থেকে ecs.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করে ‘ভোটকেন্দ্র’ মেনুতে ক্লিক করতে হবে। সেখানে নির্বাচনি এলাকা ও উপজেলা/থানা নির্বাচন করে ভোটকেন্দ্রের তালিকা দেখা যাবে। এছাড়া এনআইডি নম্বর ও জন্ম তারিখ দিয়ে অনুসন্ধান করলে ব্যক্তিগত ভোটার তথ্য জানা যাবে। গুগল ম্যাপের মাধ্যমে ভোটকেন্দ্রের অবস্থান ও যাওয়ার পথ দেখার সুবিধাও রয়েছে।
উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি দেশে গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন