ফেনীতে যুবদল নেতার খামার থেকে বিদেশি পিস্তল উদ্ধার

ফেনী সদর উপজেলায় এক যুবদল নেতার গরুর খামার থেকে একটি বিদেশি পিস্তল ও চারটি ম্যাগাজিন উদ্ধার করেছে বাংলাদেশ সেনাবাহিনী। বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে বালিগাঁও ইউনিয়নের হকদি গ্রামে এ অভিযান পরিচালিত হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে হকদি গ্রামে বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে ডাক্তার সাহাব উদ্দিনের বাড়ি সংলগ্ন যুবদল নেতা বদরুল আমীনের গরুর খামারে তল্লাশি চালিয়ে একটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন ও একটি ছুরি উদ্ধার করা হয়।
স্থানীয়দের দাবি, খামার মালিক বদরুল আমীন সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক দিদারুল আলমের ঘনিষ্ঠ সহযোগী। তাদের ভাষ্যমতে, সম্প্রতি আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে থাকায় সংশ্লিষ্ট অস্ত্রটি খামারে এনে রাখা হয়েছিল।
ফেনীস্থ আর্মি ক্যাম্পের ইনচার্জ মেজর শাহরিয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত অস্ত্র ও সামগ্রী আইনগত প্রক্রিয়ার জন্য ফেনী মডেল থানায় হস্তান্তর করা হবে।
এদিকে ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, সেনাবাহিনীর অভিযানে পিস্তল উদ্ধারের বিষয়টি তিনি শুনেছেন। তবে এ বিষয়ে বিস্তারিত তথ্য এখনো পাওয়া যায়নি।
ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি নিয়ে তদন্ত প্রক্রিয়া অব্যাহত রেখেছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

গাজীপুরের কাপাসিয়ায় সমীক্ষাতেই আটকে পুরাতন ব্রহ্মপুত্রে সেতু নির্মাণ, ভরসা এখনো বাঁশের সাঁকো

নরসিংদীর মনোহরদী উপজেলার দৌলতপুর ইউনিয়নের দৌলতপুর গ্রাম এবং গাজীপুরের কাপাসিয়া