শশীভূষণ থানাধীন রসুলপুরে কুপিয়ে হত্যা, এলাকায় আতঙ্ক

ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানাধীন রসুলপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে মাদক বেচাকেনাকে কেন্দ্র করে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহত ব্যক্তি হলেন একই গ্রামের মৃত আখতারুজ্জামান সোহেলের ছেলে আঃ রহিম ভুট্টো (৪৫)।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাত আনুমানিক ১০টার দিকে কলেরহাট রাস্তার মাথায় একদল দুর্বৃত্ত আঃ রহিম ভুট্টোকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি ছুরিকাঘাত ও কুপিয়ে গুরুতর জখম করে। পরে তাকে রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থলে ফেলে রেখে পালিয়ে যায় হামলাকারীরা।
ঘটনার পর স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দ্রুত চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে এলাকায় মাদক বেচাকেনা নিয়ে বিরোধ চলছিল। সেই বিরোধের জের ধরেই এ হত্যাকাণ্ড সংঘটিত হতে পারে বলে তারা ধারণা করছেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-পরবর্তী সময়ে এমন নৃশংস হত্যাকাণ্ডে এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়দের মধ্যে নিরাপত্তাহীনতা ও উদ্বেগ দেখা দিয়েছে।
এ বিষয়ে শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখরুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মাদক বেচাকেনাকে কেন্দ্র করেই এ হত্যাকাণ্ড ঘটেছে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য পুলিশের একাধিক টিম কাজ করছে।
পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন