ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৩ গৌরীপুর আসনের স্বতন্ত্র প্রার্থী আহাম্মদ তায়েবুর রহমান হিরণের পক্ষে কাজ করায় গৌরীপুর উপজেলা বিএনপির সদস্য আব্দুল মান্নান তালুকদারকে মারধর ও মাথা ন্যাড়া করে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে গৌরীপুর পৌর কৃষকদলের সভাপতি কাজীয়েল হাজাত মুন্সী শাহীর বিরুদ্ধে। বুধবার দুপুরে ঘটনাটি ঘটেছে উপজেলার পৌর শহরের বাসস্ট্যান্ড এলাকায়।
এই ঘটনায় আব্দুল মান্নান তালুকদার বাদী হয়ে বুধবার রাতে গৌরীপুর থানায় ১ জনের নাম উল্লেখসহ ৬/৭ জনকে অজ্ঞাতনামা করে মামলা দায়ের করেছেন।
প্রথম দিকে লোকলজ্জায় বিএনপি নেতা আব্দুল মান্নান বিষয়টি চেপে যান। পরে সন্ধ্যার পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নেতা আব্দুল মান্নানের মাথা ন্যাড়া করা ছবি ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় উঠে ও প্রতিবাদ শুরু হয়।
আব্দুল মান্নান তালুকদার বলেন, বুধবার দুপুরে শাহগঞ্জ বাজার থেকে সিএনজি চালিত অটোরিকশাযোগে ময়মনসিংহ যাচ্ছিলাম। পথিমধ্যে গৌরীপুর পৌর শহরের বাসস্ট্যান্ড এলাকা অতিক্রম করার সময় কৃষকদল নেতা কাজীয়েল হাজাত মুন্সী শাহী আমাকে দেখতে পেয়ে
অটোরিকশার গতিরোধ করে। পরে আমাকে নামিয়ে কিল ঘুষি মেরে একটি সেলুনে নিয়ে যায়। সেখানে আমার মাথা ন্যাড়া করে, চোখের ব্রু কেটে লাঞ্ছিত করে পথচারীদের দেখায় কৃষকদল নেতা। পরে সেখান থেকে মুক্ত হয়ে আমি বাড়িতে চলে আসি।
তিনি আরো বলেন, আমরা ১৭ বছর আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আন্দোলন-সংগ্রাম হামলা-মামলার শিকার হয়েছি। বারবার জেল খেটেছি, কিন্তু এমনভাবে নির্যাতনের শিকার হইনি। আমার শুধু অপরাধ আমি ঘোড়া প্রতীকের নির্বাচন করেছিলাম।
এ অভিযোগ প্রত্যাখান করে গৌরীপুর পৌর কৃষকদলের সভাপতি কাজিয়েল হাজাত মুন্সী শাহী জানান, এ ঘটনার সঙ্গে আমি কোনোভাবেই জড়িত ছিলাম না। বিএনপির সুনাম নষ্ট করতেই এ মহলটি আগে থেকেও মিথ্যা-বানোয়াট তথ্য দিয়ে আমাদের ইমেজ ক্ষুন্ন করতে চেয়েছিল। এটাও তার অংশ।
ময়মনসিংহ-৩ আসনের পরাজিত স্বতন্ত্র প্রার্থী আহাম্মদ তায়েবুর রহমান বলেন, আব্দুল মান্নান তালুকদার বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে কারাবরণকারী ও অসংখ্য মামলার আসামি। নবনির্বাচিত সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেইনের শপথ গ্রহণের একদিনের মাথায় উনার মতো ত্যাগী নেতাকে এভাবে মাথা ন্যাড়া করার করার ঘটনা কোনভাবেই মেনে নেয়া যায় না। সুষ্ঠু তদন্ত সাপেক্ষে ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।
গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামরুল হাসান বলেন, এই ঘটনায় আব্দুল মান্নান তালুকদার বুধবার রাতেই বাদী হয়ে মামলা দায়ের করেছেন। অভিযুক্ত আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।




