কিশোরগঞ্জের ভৈরবে অফিসে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হওয়ার চার দিন পর জনতা ব্যাংকের এক কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (সন্ধ্যায়) উপজেলার কালিকাপ্রাসাদ এলাকার বিসিক শিল্পনগরীর বিপরীত পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত আলমগীর হোসেন (৩৮) জনতা ব্যাংকের ভৈরব শাখার কর্মকর্তা ছিলেন। তার বাড়ি হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার নুরপুর লম্বাহাটি গ্রামে।
ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান আকন্দ জানান, আলমগীর হোসেনের স্ত্রী তাছলিমা আক্তার ভৈরবে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। দম্পতি উপজেলার কালিকাপ্রাসাদ বাসস্ট্যান্ড এলাকায় বসবাস করতেন।
গত রোববার সকাল সাড়ে আটটার দিকে আলমগীর হোসেন অফিসের উদ্দেশ্যে বাসা থেকে বের হন। পরে ব্যাংক কর্তৃপক্ষ জানায়, তিনি সেদিন অফিসে যাননি। তার মুঠোফোনও বন্ধ পাওয়া যায়। এ ঘটনায় একই দিন তার স্ত্রী ভৈরব থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
বুধবার সন্ধ্যায় স্থানীয়রা কালিকাপ্রাসাদ বিসিক শিল্পনগরীর বিপরীত পাশে একটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠায়।
ওসি আরও জানান, মরদেহে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে মরদেহের পাশে একটি বিষের বোতল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন রয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।




