আটপাড়া উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচনী পর্যবেক্ষণ টিমের মতবিনিময়

নুর মোহাম্মদ খান
নেত্রকোনার আটপাড়া উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচনী পর্যবেক্ষণ টিমের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় একটি সভাকক্ষে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে গণমাধ্যমের ভূমিকা, নির্বাচনকালীন পরিবেশ, আচরণবিধি প্রতিপালন এবং সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিতকরণ বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।
মতবিনিময় সভায় ইউরোপীয় ইউনিয়নের নির্বাচনী পর্যবেক্ষণ টিমের প্রতিনিধি সাংবাদিকদের কাছ থেকে স্থানীয় নির্বাচনী পরিস্থিতি, মাঠপর্যায়ের অভিজ্ঞতা, ভোটের পরিবেশ, প্রার্থী ও সমর্থকদের আচরণ এবং প্রশাসনের ভূমিকা সম্পর্কে বিস্তারিত তথ্য শোনেন। একই সঙ্গে সাংবাদিকদের পেশাগত চ্যালেঞ্জ, সংবাদ সংগ্রহে বাধা এবং নির্বাচনকালীন নিরাপত্তা বিষয়েও মতামত নেন তারা।
ইইউ পর্যবেক্ষক টিমের সদস্যরা বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে ভোটারদের সঠিক তথ্য জানানো সম্ভব হয়, যা গণতন্ত্রকে আরও শক্তিশালী করে। তারা স্থানীয় সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকার প্রশংসা করেন এবং ভবিষ্যতেও পেশাদারিত্ব বজায় রেখে কাজ করার আহ্বান জানান।
আটপাড়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ উপস্থিত সাংবাদিকরা বলেন, স্থানীয় পর্যায়ে নির্বাচন সংক্রান্ত নানা অনিয়ম, আচরণবিধি লঙ্ঘন ও সহিংসতার আশঙ্কা থাকলেও তারা সত্য ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনে অঙ্গীকারবদ্ধ। তারা আশা প্রকাশ করেন, আন্তর্জাতিক পর্যবেক্ষকদের উপস্থিতি একটি সুষ্ঠু নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে সহায়ক ভূমিকা রাখবে।
মতবিনিময় সভা শেষে পারস্পরিক সহযোগিতা ও তথ্য বিনিময়ের মাধ্যমে গণতন্ত্র ও নির্বাচন প্রক্রিয়াকে আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন