পাবনার চাটমোহর উপজেলার ছাইকোলা ইউনিয়নের কাটেঙ্গা দক্ষিণপাড়া গ্রামের শতাধিক পরিবারের চলাচলের একমাত্র রাস্তা দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েছেন এলাকাবাসী। এ বিষয়ে আদালত ২০২৫ সালের ২৮ মে রাস্তা অবমুক্ত করার নির্দেশ দিলেও, অভিযোগ উঠেছে যে স্থানীয় প্রশাসন এখনো পর্যন্ত সেই রায় কার্যকর করেনি।
ভুক্তভোগীদের লিখিত অভিযোগে জানা যায়, কাটেঙ্গা দক্ষিণপাড়া গ্রামের মানুষের যাতায়াতের একমাত্র পথটি স্থানীয় এক ব্যক্তির বাড়ি পর্যন্ত বিস্তৃত। প্রায় দুই শত বছরের পুরোনো এই রাস্তা দীর্ঘদিন ধরে জনসাধারণ ব্যবহার করে এলেও প্রায় দুই বছর আগে সেটি বন্ধ করে দেওয়া হয়। ফলে কৃষিজমিতে যাতায়াত, ফসল পরিবহন, শিক্ষার্থী, রোগী ও সাধারণ মানুষের চলাচলে চরম ভোগান্তি সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে আদালতের শরণাপন্ন হলে আদালত ২০২৫ সালের ২৮ মে রাস্তা অবমুক্ত করার রায় দেন। আদালতের নির্দেশনা অনুযায়ী বিষয়টি সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করা হলেও এখন পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ করেন এলাকাবাসী।
এ অবস্থায় স্থানীয় বাসিন্দারা পাবনা-৩ আসনের সংসদ সদস্যের কাছে লিখিত আবেদন করেছেন। একই সঙ্গে উপজেলা প্রশাসন, সহকারী কমিশনার (ভূমি) এবং গণমাধ্যমের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত আদালতের রায় বাস্তবায়নের দাবি জানিয়েছেন তারা।
গ্রামবাসীর ভাষ্য, “আদালতের রায় থাকার পরও যদি তা বাস্তবায়ন না হয়, তাহলে সাধারণ মানুষ ন্যায়বিচারের সুফল কীভাবে পাবে? আমরা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ এবং আদালতের রায় কার্যকরের দাবি জানাচ্ছি।”
এ বিষয়ে উপজেলা প্রশাসনের বক্তব্য সন্তোষজনক নয়। ইউএনও বলেন এসি ল্যান্ডের দায়িত্ব আর এসি ল্যান্ড বলেন আমি কিছু জানি না। অথচ গ্রামবাসী আদালতের রায়ের কপি নিজ দায়িত্বে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে দিয়েছিলেন, একই কপি এসি ল্যান্ড বরাবারও তারা জমা দেন। জমাদানকারীদের কাছে রিসিভ কপিও রয়েছে। কেন উপজেলা প্রশাসন আদালতের রায় বাস্তবায়ন করছে না তা নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত উদ্যোগে আদালতের রায় বাস্তবায়ন হলে এলাকাবাসীর দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হবে বলে প্রত্যাশা স্থানীয়দের।