ঢাকার আশুলিয়ায় বন বিভাগের সংরক্ষিত জমি দখল করে গড়ে তোলা হয়েছে ময়লার ভাগাড়। দিনের পর দিন ময়লা ফেলা আর সন্ধ্যায় আগুন দেওয়ায় দুর্গন্ধ ও ধোঁয়ায় অতিষ্ঠ হয়ে উঠেছে আশপাশের হাজারো মানুষ।
স্থানীয়দের অভিযোগ, আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের বারুইপাড়া বাজার এলাকায় বন বিভাগের জমি দখল করে দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের বর্জ্য ফেলা হচ্ছে। কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না।
স্থানীয় বাসিন্দারা জানান, ময়লার তীব্র দুর্গন্ধের কারণে পথচারী, যানবাহনের চালক এবং আশপাশের বিভিন্ন কারখানার শ্রমিকদের নিয়মিত চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিশেষ করে গরম ও বর্ষার সময় দুর্গন্ধ আরও বেড়ে যায়। এ কারণে অনেকেই বাধ্য হয়ে ওই সড়ক এড়িয়ে চলছেন বলে জানান তারা।
এলাকাবাসীর ভাষ্য, প্রতিদিন সন্ধ্যার পর ময়লার স্তূপে আগুন দেওয়া হয়। এতে ঘন কালো ধোঁয়া চারপাশের এলাকায় ছড়িয়ে পড়ে।
ধোঁয়ার কারণে বায়ুদূষণের পাশাপাশি জনস্বাস্থ্য হুমকির মুখে পড়েছে। অনেকের শ্বাসকষ্ট, অ্যাজমা ও চোখে জ্বালাপোড়ার মতো সমস্যা দেখা দিচ্ছে বলে অভিযোগ করেন স্থানীয়রা।
স্থানীয়দের আরও অভিযোগ, বিষয়টি বন বিভাগের কর্মকর্তাদের একাধিকবার জানানো হলেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তাদের দাবি, বন বিভাগের কর্মকর্তা তৌহিদুল ইসলামের পক্ষ থেকে এখন পর্যন্ত দৃশ্যমান কোনো ব্যবস্থা চোখে পড়েনি।
এ বিষয়ে বন বিভাগের কর্মকর্তা তৌহিদুল ইসলামের বক্তব্য জানতে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।
পরিবেশ রক্ষা ও জনস্বাস্থ্যের স্বার্থে দ্রুত ময়লার ভাগাড় সরিয়ে বন বিভাগের জমি উদ্ধারের দাবি জানিয়েছেন এলাকাবাসী।




