উত্তর হারবাংয়ে বালুদস্যু নাজেম উদ্দিনের অবৈধ সাম্রাজ্যে প্রশাসনের অভিযান, শ্যালো মেশিন জব্দ

কক্সবাজারের চকরিয়া উপজেলার উত্তর হারবাং এলাকায় কথিত বালুদস্যু নাজেম উদ্দিনের অবৈধ বালু উত্তোলন কর্মকাণ্ডের বিরুদ্ধে অবশেষে অভিযান চালিয়েছে প্রশাসন। দীর্ঘদিন ধরে অভিযোগ থাকলেও কার্যকর ব্যবস্থা না নেওয়ায় স্থানীয়দের মাঝে ক্ষোভ বিরাজ করছিল।
বুধবার (৪ মার্চ) চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন দেলোয়ারের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রূপায়ন দেব এবং চকরিয়া থানা পুলিশের একটি টিম।
প্রশাসন সূত্রে জানা যায়, উত্তর হারবাং এলাকায় অবৈধভাবে শ্যালো মেশিন বসিয়ে নদী ও খাল থেকে বালু উত্তোলন করা হচ্ছিল। এতে পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার পাশাপাশি স্থানীয় কৃষিজমি ও বসতভিটার ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। অভিযানের সময় একটি শ্যালো মেশিন জব্দ করা হয়। তবে অভিযুক্ত নাজেম উদ্দিন ও তার সহযোগীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী চক্র অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। এতে সরকারি রাজস্ব ফাঁকি দেওয়ার পাশাপাশি পরিবেশ ও জনজীবনে মারাত্মক প্রভাব পড়ছে। তারা এ ধরনের অভিযান নিয়মিত চালানোর দাবি জানান।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় সচেতন মহল মনে করছে, ধারাবাহিক অভিযানই পারে উত্তর হারবাংকে বালুদস্যুদের কবল থেকে মুক্ত করতে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন