কানাইঘাটে স্ত্রী হত্যা মামলার মূল আসামি স্বামী সুহেল গ্রেফতার, এলাকাজুড়ে স্বস্তি

সিলেটের কানাইঘাটে চাঞ্চল্যকর ফারহানা বেগম হত্যা মামলার প্রধান আসামি স্বামী সুহেল আহমদকে অবশেষে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২৯ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার সুরইঘাট বাগরা এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। দীর্ঘ সময় পলাতক থাকার পর তার গ্রেফতারে এলাকায় স্বস্তি ফিরে এসেছে। স্থানীয় সূত্রে জানা যায়, কানাইঘাট উপজেলার ২নং লক্ষীপ্রসাদ পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা জামাল উদ্দিনের সহযোগিতায় কানাইঘাট থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। পরে বাগরা এলাকার একটি স্থান থেকে সুহেলকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে ইউপি চেয়ারম্যান মাওলানা জামাল উদ্দিন বলেন, “ঘটনার পর থেকেই পুলিশ তাকে ধরতে তৎপর ছিল। স্থানীয় সহযোগিতার মাধ্যমে অবশেষে তাকে আইনের আওতায় আনা সম্ভব হয়েছে।” এর আগে সোমবার দিবাগত গভীর রাতে উপজেলার বড়বন্দ ১ম খণ্ড গ্রামে নির্মমভাবে নিহত হন তিন সন্তানের জননী ফারহানা বেগম। পারিবারিক কলহ ও নির্যাতনের জেরে স্বামীর ছুরিকাঘাতে তার মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেন নিহতের স্বজনরা। ঘটনার পর থেকেই অভিযুক্ত সুহেল আত্মগোপনে চলে যায়। ফারহানার মৃত্যুর ঘটনায় পুরো কানাইঘাটজুড়ে নেমে আসে শোকের ছায়া। তিন সন্তানকে এতিম করে এমন নৃশংস হত্যাকাণ্ডে ক্ষোভ প্রকাশ করেন স্থানীয়রা। তারা দ্রুত বিচার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন। কানাইঘাট থানা পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত সুহেল আহমদকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে সোপর্দ করা হবে। মামলার তদন্তও জোরদার করা হয়েছে। এদিকে, সুহেলের গ্রেফতারের খবরে স্থানীয়দের মাঝে স্বস্তি দেখা দিলেও ফারহানার স্বজনদের কান্না এখনো থামেনি। তাদের একটাই দাবি— “এই হত্যার বিচার যেন দৃষ্টান্ত হয়ে থাকে।”

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন