কুমিল্লার দাউদকান্দি উপজেলার জিংলাতলী এলাকায় ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। রোববার বিকেল ৩টা ৫০ মিনিটে চট্টগ্রামমুখী লেনে ইকোনো পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশাকে সজোরে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।
সংঘর্ষের পর বাসটি রাস্তার পাশের গভীর খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই অটোরিকশা চালক ফারুক (৪২) এবং বাসের যাত্রী মিজানুর রহমান (৪৮) নিহত হন। ফারুক দাউদকান্দি থানার বাহাদুরখোলা গ্রামের বাসিন্দা, আর মিজানুর রহমান চুয়াডাঙ্গার বোয়ালিয়া গ্রামের বাসিন্দা।
দুর্ঘটনায় অন্তত ৫ থেকে ৭ জন যাত্রী আহত হয়েছেন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। কিছু সময়ের জন্য যান চলাচল বিঘ্নিত হলেও বর্তমানে মহাসড়কে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
দাউদকান্দি থানা পুলিশ জানিয়েছে, দুর্ঘটনাকবলিত বাস ও অটোরিকশা উদ্ধারের কাজ চলছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।




