কুমিল্লা নগরীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবী হত্যা

কুমিল্লা নগরীর শাসনগাছা এলাকায় ব্র্যাক অফিস সংলগ্ন মোল্লাবাড়ি থেকে জান্নাতুল ফেরদৌস জেরিন (২৬) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার ইফতারের কিছুক্ষণ আগে এ ঘটনা ঘটে।
নিহত জেরিন চৌদ্দগ্রাম উপজেলার বাসিন্দা জামাল হোসেন ও লিপি বেগমের মেয়ে। তার স্বামী কামরুল হাসান সুমন (পিতা: রাজ্জাক, মাতা: রোকেয়া রাজ্জাক) শাসনগাছা এলাকার স্থায়ী বাসিন্দা।
পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার সকাল থেকে জেরিনের সঙ্গে পরিবারের যোগাযোগ করা সম্ভব হচ্ছিল না। সকালে তার ননদ ফোনে জানায়, জেরিন রান্না করছেন। পরে দুপুরে বলা হয়, তিনি বাড়ি থেকে বের হয়ে গেছেন। সর্বশেষ ইফতারের প্রায় পাঁচ মিনিট আগে ননদ জানায়, জেরিন গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
নিহতের চাচাতো ভাই অভিযোগ করেন, ঘটনাটি সন্দেহজনক। নিহতের চার বছর বয়সী কন্যা সন্তান জানিয়েছে, তার বাবা প্রায়ই তার মাকে মারধর ও গলা চেপে ধরতেন। আগের দিনও মারধরের ঘটনা ঘটেছে বলে দাবি পরিবারের। এ নিয়ে দীর্ঘদিন ধরে দাম্পত্য কলহ চলছিল বলেও জানা গেছে।
ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্বামী কামরুল হাসান সুমন বাড়ি থেকে সরে যান। পরে শাশুড়ি ও ননদও ঘটনাস্থল ত্যাগ করেন বলে স্থানীয়রা জানান। প্রত্যক্ষদর্শীদের দাবি, পারিবারিক কলহের জেরে জেরিনকে হত্যা করে ফ্যানের সঙ্গে ঝুলিয়ে রাখা হয়ে থাকতে পারে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল-এর মর্গে ময়নাতদন্তের জন্য পাঠায়।
তদন্ত কর্মকর্তা জানান, এটি আত্মহত্যা নাকি হত্যা তা তদন্ত সাপেক্ষে নিশ্চিত হওয়া যাবে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর প্রকৃত কারণ জানা যাবে বলে তিনি জানান।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন