পবিত্র রমজানকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারদর স্থিতিশীল ও স্বচ্ছতা নিশ্চিত করতে কুমিল্লা নগরীতে অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় ক্রয় ভাউচার সংরক্ষণ না করা ও মূল্যতালিকা প্রদর্শন না করায় তিনটি প্রতিষ্ঠানকে মোট সাত হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার কুমিল্লা সদর উপজেলার বাদশা মিয়ার বাজারে এ অভিযান চালানো হয়।
কুমিল্লা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. কাউছার মিয়ার নেতৃত্বে পরিচালিত অভিযানে ব্যবসায়ীদের ক্রয় ভাউচার ও বিক্রয়সংক্রান্ত তথ্য যাচাই করা হয়। অনিয়ম পাওয়ায় তিনটি প্রতিষ্ঠানকে তাৎক্ষণিক জরিমানা করা হয়।
সহকারী পরিচালক মো. কাউছার মিয়া বলেন, ব্যবসায়ীদের যথাযথভাবে ক্রয় ভাউচার সংরক্ষণ এবং যৌক্তিক মূল্যে পণ্য বিক্রির নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি বাজারে স্বচ্ছতা ও ভোক্তা অধিকার বিষয়ে সচেতনতা বাড়াতে লিফলেট বিতরণ করা হয়।
ভোক্তাদের স্বার্থ সুরক্ষায় এ ধরনের তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি জানান।




